মউ চুক্তির পর একমাস, উইপ্রো লিমিটেডের পুনে অফিস বদলে গেল বিশেষ কোভিড হাসপাতালে

এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলো ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা আজিম প্রেমজির উইপ্রো লিমিটেড। লকডাউনের পরও দিন প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রমন। বিভিন্ন রাজ্যেই হাসপাতালে শয্যার সংখ্যাও কম পড়ছে। এই অবস্থায় মহারাষ্ট্র সরকারকে সাহায্য করতে পুনেতে নিজেদের অফিসকে ৪৫০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতালে পরিণত করল উইপ্রো লিমিটেড।

গত বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তারপর মহারাষ্ট্র সরকার তরফে সেই সুখবর টুইটবার্তার মাধ্যমে সবার কাছে প্রকাশ করা হয়। রাজ্য সরকারকে সাহায্য করতে পেরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন উইপ্রো-র চেয়ারম্যান রিশাদ প্রেমজি।

মে মাসের প্রথম সপ্তাহে মহারাষ্ট্র সরকারের সঙ্গে মউ চুক্তিবদ্ধ হয় উইপ্রো। চুক্তিতে স্থির হয়, পুনেতে সংস্থার অফিসকে বিশেষ করোনা চিকিৎসার হাসপাতালে রূপান্তরিত করা হবে। ঠিক হয়, ৪৫০টি শয্যার হাসপাতালটিতে মূলত মৃদু উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা করা হবে। যাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটবে তাঁদের পরবর্তী চিকিৎসার জন্য এখান থেকেই বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যও ২৪টি ঘরের ব্যবস্থা রয়েছে।

কোভিড হাসপাতালের শারীরিক পরিকাঠামো, মেডিক্যাল আসবাব ও সরঞ্জাম ছাড়াও একজন পরিচালক এবং হাসপাতাল চালানোর জন্য স্বাস্থ্যকর্মীদের সাহায্য করতে প্রয়োজনীয় সাপোর্ট স্টাফ সরবরাহ করবে উইপ্রো। রিশাদ প্রেমজি জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় দেশের পাশে দাঁড়াতে আমরা দায়িত্ববদ্ধ।আমরা বিশ্বাস করি এই সংকটের দিনে সবাইকে একসঙ্গে কাজ করা দরকার। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা মহারাষ্ট্র সরকারের পাশে সর্বদা আছি।’

সংস্থার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘উইপ্রো-র এই মানবিকতা করোনা মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করবে। পাশাপাশি অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে থাকা সমস্ত সামনের সারির স্বাস্থ্যকর্মীদেরও উপকার করবে।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে করোনার জন্য স্বাস্থ্য ও মানবিক সংকট মোকাবিলায় উইপ্রো লিমিটেড এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন ১,১২৫ কোটি টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রের পি এম কেয়ার ফান্ডের পরিবর্তে দেশের বিভিন্ন প্রান্তে করোনাযুদ্ধে শামিল সেনানীদের এই অর্থসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উইপ্রো গ্রুপ।

আরও অন্যান্য খবর