বড় খবর: এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রয়োজনমতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে ভারতীয় সেনা, সিদ্ধান্ত নিল কেন্দ্র

চীনকে এবার শক্ত হাতে মোকাবিলা করতে নিজেদের কঠিন দিকটা চীনকে দেখানোর আয়োজন করল ভারত। সম্প্রতি জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দীর্ঘদিন ধরে চলে আসা রুলস অফ এনগেজমেন্ট বা সংঘর্ষের বিধিনিষেধ থেকে সরে আসতে চলেছে ভারত।

১৯৯৬ সালের ভারত-চীন চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল যে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ২ কিলোমিটারের মধ্যে দুই দেশের কেউই কোনও প্রকার সামরিক অস্ত্রের প্রয়োগ করবে না। কিন্তু চীন এই চুক্তি ভঙ্গ করেছে অনেকবারই। ভারত কিন্তু একবারও এর মধ্যে এই চুক্তি ভঙ্গ করেনি। ভারত নিজের কথা রেখেছে। ভারতের এই ভালো মানুষির সুযোগ বারবার নিয়ে গিয়েছে চীন। তারই শেষ পরিণাম হল গালওয়ান উপত্যকায় নিরস্ত্র ভারতীয় সেনাদের উপর চীনা সেনার বর্বর আক্রমণ। এবার ভারতীয় সেনাকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হল যাতে প্রয়োজন পড়লে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে।

সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, স্থানীয় কমান্ডারদের ট্যাক্টিক্যাল পর্যায়ে পরিস্থিতি সামলানোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।কমান্ডাররা এবার প্রয়োজন পড়লে নিজেদের ক্ষমতায় সিদ্ধান্ত নিতে পারবেন। এতদিন ধরে যে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, এই সিদ্ধান্তের ফলে তা আর রইল না। অর্থাৎ, এখন চীন কোনও বেগড়বাঁই করলেই ভারত গোলাগুলি দিয়েই তার জবাব দেবে। বিশেষজ্ঞ মহলের মতে সন্ধিচুক্তির এই সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে আজ লাদাখ পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত। উপস্থিত ছিলেন সেনার তিন বিভাগীয় প্রধানও। রাশিয়ার ভিক্টরি ডে মিলিটারি প্যারেডে অংশ নিতে আগামীকাল মস্কো যাচ্ছেন রাজনাথ সিংহ। সূত্রের খবর, সেখানে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

RELATED Articles

Leave a Comment