এবার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চা কর্মীদের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল। এই মর্মে আজ কিছুক্ষণ আগে তালতলা থানায় এফআইআর দায়ের করলেন বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পল।

তার অভিযোগ পত্র থেকে জানা গিয়েছে, শনিবার দুপুর একটা নাগাদ এপিসি রোড, জোড়া গির্জার কাছে অবস্থিত সিপিআইএমের পার্টি অফিসের সামনে থেকে গণশক্তি সংবাদপত্রের অফিস পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। সেইমতো অগ্নিমিত্রা ও মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন যে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। সেই সময়ে সেখানে প্রচুর সিভিক ভলেন্টিয়ারও উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত থাকা পুলিশকর্মীরা হঠাৎ করে মহিলা মোর্চার কর্মীদের ধাক্কা মারতে শুরু করেন এবং উপস্থিত ভলেন্টিয়াররা মহিলা কর্মীদের চুলের মুঠি ধরে টানতে টানতে পুলিশ ভ্যানে নিয়ে গিয়ে তোলেন। এমনকি তারা মহিলা কর্মীদের শরীরে নখের আঁচড় বসিয়ে দেন এবং অভিযোগ যে অনেক মহিলা কর্মীদের হাতও মুচড়ে দেন সিভিক ভলেন্টিয়াররা। বেবি দলুই, সুপর্ণা পোদ্দার, প্রিয়াঙ্কা চৌধুরী, চন্দ্রিমা দত্ত গুপ্ত ও তৃষ্ণা মুখোপাধ্যায় নামে পাঁচজন মহিলা কর্মী গুরুতর আহত হন। অগ্নিমিত্রা সহ আরো ৯২ জন মহিলা কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই আহত কর্মীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আজ তালতলা থানায় যে সিভিক ভলেন্টিয়াররা বিজেপি মহিলা মোর্চার কর্মীদের এরকম অকথ্য ভাবে শারীরিক নিগ্রহ করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করেছেন মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পল। অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয় সেই আবেদনও জানিয়েছেন তিনি।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। মহিলাদের গায়ে এইভাবে হাত তোলা এবং তাদেরকে যেভাবে পুলিশ ভ্যানে তোলা হয়েছে তা চরম নিন্দনীয় বলেই জানাচ্ছেন সকলেই।





