চীনের আগ্রাসনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছেন এমনকি ‘বদলা’ নেওয়ারও দাবি তুলেছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এবার আরও একধাপ এগিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, ভারতীয় অস্ত্রভাণ্ডার কি ডিম পাড়তে বসে আছে?
পাকিস্তানে যেমন সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে, তেমনই চীনকে তার প্রতিটি কাজের ‘যোগ্য জবাব’ দেওয়ার দাবি তুলেছেন অধীর বাবু। এমনকী চীনের প্রতি প্রত্যাঘাতের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সাহসের অভাব রয়েছে।’
https://twitter.com/adhirrcinc/status/1276018102531026944?s=20
তারইমধ্যে বৃহস্পতিবার একাধিক টুইট করে বহরমপুরের কংগ্রেস সাংসদ লেখেন, ‘লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা কমাতে আমরা সবরকম চেষ্টা করছি। কিন্তু তা সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়তে নারাজ লাল ফৌজ। যার জেরে গত ১৫ই জুন সীমান্তে আমাদের ২০ জন সেনা শহীদ হলেন। চীন তাদের ইচ্ছামতো আমাদের ভুখণ্ডকে জরবদখল করার চেষ্টা চালাচ্ছে। যা ভারতের সুরক্ষা এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে বিপজ্জনক। যা আমাদের এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা চীনা সেনার কাছে দমে যেতে পারি না।’
তারপর আরও সুর চড়িয়ে চীনের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি তোলেন অধীরবাবু। তিনি বলেন, ‘যে কোনও মূল্যে চীনা সেনাকে ফেরত পাঠাতে হবে। আমাদের অস্ত্রভাণ্ডার তো আর ডিম পাড়ার জন্য বসে নেই। আমাদের যা অস্ত্র আছে তা দিয়ে পালটা আক্রমণ চালান, পিছু হাটতে বাধ্য করুন চীনকে, চীনা আগ্রাসনকে দমিয়ে দিন। সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে ভারতের সঙ্গে ঈশ্বর আছেন।’





