জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। মারা গেলেন এক বিজেপি নেতা সহ তাঁর পরিবারের তিনজন। বুধবার কাশ্মীরের বান্দিপোরায় আচমকাই বিজেপি নেতার পরিবারের ওপর হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, বান্দিপোরা থানার ঠিক উল্টোদিকেই ওই বিজেপি নেতার বাড়ি ছিল আর সেই বাড়ির সামনেই হামলা চালায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির সামনেই ওদের তিনজনের ওপর আচমকা হামলা চালায় একদল বন্দুকবাজ। লাগাতার এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয় তিনজনকে। ঘটনায় মারা যান বিজেপি নেতা ওয়াসিম আহমেদ বারি, তার বাবা বসির আহমেদ ও ভাই উমর বারি।
জানা গেছে, ওনারা তিনজন সন্ধ্যের সময় নিজেদের দোকানেই ছিলেন। এমন সময় আজ রাত ৯টা নাগাদ জঙ্গিরা অতর্কিত আক্রমণ চালায় ওই দোকানে। ঘটনায় প্রাণ হারান বারি পরিবারের তিনজন। বারি ছিলেন বিজেপির জেলা সভাপতি।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বিজেপি নেতা ওয়াসিম আহমেদ বারি ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন এবং তাদের উপর হওয়া এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন।
আবদুল্লাহ একটি টুইটে লেখেন, “আজ সন্ধ্যেবেলায় বান্দিপুরের ঘটনায় আমি মর্মাহত। বিজেপি কর্মী এবং তার বাবা ও ভাই এর উপর হওয়া এই হামলার আমি তীব্র নিন্দা করি। এই দুঃখের মুহূর্তে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। দুঃখের বিষয় হল মূলধারার রাজনৈতিক কর্মীদের ওপর এমন নৃশংসতা ও হিংস্র মনোভাব অবিরাম বেড়েই চলেছে।”
ঘটনার পর ডিজিপি দিলবাগ সিংহ জানান, বারির ভাই ও পিতা জঙ্গিদের গুলিতে আহত হন। এরপর বান্দিপোড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
সন্ত্রাসী হামলার পরপরই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।





