করোনায় বিপর্যস্ত ফুসফুসের চিকিৎসা এবং শরীরের প্রদাহ কমাতে শেষ পর্যন্ত গাঁজা-ভাং? পড়ুন বিস্তারিত

পৃথিবীব্যাপী মানুষ এখন করোনায় জর্জরিত। তাই বিজ্ঞান গবেষকরাও উঠে পড়ে লেগেছেন এই মারণ রোগকে নিরাময় করার কাজে। যত দিন এগোচ্ছে তত বিভিন্ন জায়গা থেকে ওষুধের সন্ধান করছেন গবেষকরা। তাঁরা বলছেন, গাঁজা ও ভাংয়ের মধ্যে এমন বেশ কিছু সক্রিয় যৌগ রয়েছে যা করোনা সংক্রমণে লাগাম লাগাতে পারে। এখন তাঁরা চেষ্টা করছেন, এটি থেকে সংক্রমণ নিরামক কোনও ওষুধ বার করা যায় কিনা।

আমেরিকার নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এখন গাঁজা ও ভাং নিয়ে করোনার ওষুধ তৈরির পরীক্ষানিরীক্ষা করছেন। তাঁরা বোঝার চেষ্টা করছেন, গাঁজা-ভাং থেকে তৈরি ওষুধ করোনায় বিপর্যস্ত ফুসফুসের চিকিৎসা করতে পারে কিনা। এ নিয়ে এ মাসের ব্রেন, বিহেভিয়র অ্যান্ড ইমিউনিটি পত্রিকায় তাঁরা একটি প্রবন্ধও লিখেছেন। তাতে তাঁরা বলেছেন, সাম্প্রতিক কিছু রিপোর্টে দেখা যাচ্ছে, জ্বর, কাশি কিংবা পেশিতে ব্যথা, এই জাতীয় উপস্বর্গ শেষমেশ মারাত্মক নিউমোনিয়ার চেহারা নিতে পারে। ফলে ফুসফুসের কাজ বিঘ্নিত হতে পারে। এমনকি এর ফলে প্রবল শ্বাসকষ্টও হতে পারে । তাই বিজ্ঞানীদের এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম কাজ শরীরের প্রদাহ বা জ্বালাযন্ত্রণা কমানো।

গবেষকরা জানাচ্ছেন, সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, টোসিলিজুমাব নামে এমনই একটি ওষুধ যা রোগীদের ফুসফুসে শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করে। এর ব্যবহারে ৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু সমস্যা হল, এর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত বেশি, অগ্ন্যাশয় এবং হৃদপিণ্ডে রক্তসঞ্চালক ধমনীতে যন্ত্রণা শুরু হতে পারে। তাই এখন তাঁরা এই প্রদাহ কমানোর পথ খুঁজছেন। আর এখানেই তাঁদের কাছে গুরুত্ব পাচ্ছে গাঁজা এবং ভাং। ওই গবেষণা পত্রের লেখকরা জানাচ্ছেন, এই সব গাছে এমন কিছু উপাদান থাকে, যা জ্বালাযন্ত্রণা কমাতে পারে। বিশেষ করে সিবিডি-র মত একটি উপাদানের কথা বলছেন বিশেষজ্ঞরা, যা করোনা সংক্রান্ত প্রদাহ কমাতে সক্ষম হতে পারে। গবেষণায় আগেই প্রমাণিত হয়েছে যে সিবিডি-র মধ্যে গুরুত্বপূর্ণ প্রবাহ নিরোধী উপাদান রয়েছে, যা মৃগীতে ভোগা শিশুদের চিকিৎসার পক্ষে উপকারী বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এফডিএ। যদি গাঁজা ও ভাং করোনার প্রদাহ কমাতেও সাহায্য পারে, তবে তা অন্যান্য প্রদাহ নিরসনেও কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment