কথামতই আজ ঠিক বেলা ১২টা বেজে ১ মিনিটে ইউটিউবে আপলোড হল ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক। যদিও আগে থেকেই প্রিমিয়ার শুরু হয়েছিল, সেখানে লাইভ দর্শক ছিলেন প্রায় ষাট হাজার জন। দশ সেকেন্ডের কাউন্টডাউনের সময় যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কহতব্য নয়। তারপরেই নীল হাতকাটা জার্সিতে সামনে এলেন সুশান্ত। তারপর শুধু স্ক্রিন জুড়ে তিন মিনিটের জাদু!
“দিল বেচারা, হ্যায় ফ্রেন্ডজোন কা মারা” এ.আর রহমানের কন্ঠে তখন গানের প্রতিটা শব্দকে নাচের ছন্দে ফেলছেন সুশান্ত। গানের শুরুটা নাচের মধ্যেই। তারপর অডিয়েন্সের মধ্যে স্টেজ থেকে নেমে নাচতে শুরু করলেন সুশান্ত, মাঝে সঞ্জনাকে সঙ্গী করে কয়েক পা মেলালেন। তারপর অডিয়েন্সের এই প্রান্ত থেকে ওই প্রান্তে নাচের তালে মাতিয়ে রাখলেন সকলকে। এত সাবলীল অভিনয়, এত সাবলীল নাচ ও এক্সপ্রেশনের মানুষটা আর নেই ভাবতেই যেন কষ্ট হচ্ছে।
অমিতাভ ভট্টাচার্যের লেখা গানে কোথাও যেন লুকিয়ে আছে ম্যানির ভালবাসা, “ও বেবি ইয়াদ হ্যায় মুঝে তেরা বার্থডে, হর সাল মেরে বার্থডে ভুল যায়ে যায়ে”। সুরে অবশ্যই এ.আর রহমান স্পেশ্যাল টাচ্। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন ফারহা খান। সুশান্ত যোগ্য ছাত্রের মত তাঁর শেখানো কোরিওগ্রাফি স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন। এই গানটাই শ্যুট করা হয়েছিল পুরো একটিমাত্র শটে তাও একদিনের রিহার্সালে।
ইতিমধ্যেই টাইটেল ট্র্যাকে ভিউজ পড়েছে প্রচুর। লাইকও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আগামী ২৪শে জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পাবে ‘দিল বেচারা’। আজকেই টাইটেল ট্র্যাকে যেরকম ভাবে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ অনুভূতি প্রকাশ করেছেন, করেছেন এর আগে এই গানেরই টিজার ও ‘দিল বেচারা’ ট্রেলারকে যেভাবে মানুষ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেরকমই আশা করা যায় যে সকলেই সুশান্তের অভিনীত শেষ ছবি দেখবেন, ভিজে উঠবে চোখের কোণ, বলতে বাধ্য হবেন, “পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত, পর তুম চলে গয়ে!”





