তৃণমূলের আর্থিক দুর্নীতি নিয়ে বারবারই সরব হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণে তেমন কোনও দুর্নীতি হয়নি বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই দাবি মানতে নারাজ বিজেপি। শুক্রবার তা ফের একবার স্পষ্ট করলেন বঙ্গ বিজেপির কান্ডারী তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার পুরুলিয়ায় ফের আমফানের দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বেঁধেন তিনি। খারিজ করেন বৃহস্পতিবার নবান্নে করা মুখ্যমন্ত্রীর নিজস্ব বক্তব্য। দিলীপবাবু জানান, আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পর্যাপ্ত টাকা দিয়েছে। ঝড়ের পর ২ মাস হতে চললেও এখনও ক্ষতিপূরণ পায়নি ৫০ শতাংশ মানুষ।
এর পরই বিস্ফোরক হয়ে ওঠেন তিনি। তাঁর অভিযোগ আমফানের ক্ষতিপূরণ যাঁরা পেয়েছেন তাঁদের ৯৯ শতাংশই তো তৃণমূল আশ্রিত। আমফান ত্রাণ দুর্নীতির খবর হরহামেশা প্রকাশিত হলেও বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, আমফানের ত্রাণে ০.৫ শতাংশ দুর্নীতি হয়েছে। ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন এমন ৬,০০০ মানুষকে চিহ্নিত করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।





