এবার আত্মনির্ভরতার ক্ষেত্রে ভারতের কাছে এলো এক বড়ো সুযোগ। শুক্রবার বাণিজ্য মন্ত্রকের তরফে একটি টুইটবার্তায় বলা হয়, ভারতের বুকে এবার অ্যাপেল তৈরি করতে চলেছে তার নতুন মডেল iPhone 11। এর ফলে একদিকে যেমন ফোন প্রস্তুতকারী সংস্থাকে ২০ শতাংশ কম কর দিতে হবে ভারতকে তেমনই ভারতে কর্মসংস্থানের সুযোগও আগের থেকে বাড়বে। পাশাপাশি দেশে বিনিয়োগের বাজারও বাড়বে, যা দেশের অর্থনীতিকে মজবুত করতে সাহায্য করবে।
জানা গেছে, চেন্নাইয়ের কাছে তাইওয়ানের একটি সংস্থা ফক্সকন তার কারখানায় iPhone 11-এর বিভিন্ন পার্টস সংযুক্তিকরণ করা শুরু করেছে। এর আগে ২০১৯ সালের শেষের দিকেও এই সংস্থা আইফোন এক্সআর এর পার্টস সংযুক্তিকরণের কাজ শুরু করেছিল। যা মেক ইন ইন্ডিয়া (Make In India) প্রকল্পের জন্য একটা বড় পদক্ষেপ ছিল। শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, “এই প্রথম দেশে আইফোন ১১ (iPhone 11) তৈরির কাজ শুরু হয়েছে। যা ভারতের পক্ষে খুবই ভালো খবর”।
প্রসঙ্গত, এর আগেও অ্যাপেলের একাধিক আইফোনের মডেল ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। তবে সেগুলি সব অনেক পুরোনো মডেল। তবে এবার একদম সাম্প্রতিক মডেলের কাজ করা হবে ভারতে।
https://twitter.com/DoC_GoI/status/1286550827989995520
করোনার চলতে এবার বিশ্বের বেশিরভাগ কোম্পানিই চীন থেকে নিজের ব্যবসা উঠিয়ে ভারতের বাজারের দিকে ঝুঁকছে এবং বিনিয়োগের চেষ্টা করছে। ফলে ভারতের বাজারেও বিনিয়োগের সুযোগ বাড়ছে। যার চলতে অর্থনীতির ওপরও একটা প্রভাব পড়তে চলেছে। যেমন চলতি মাসের শুরুর দিকে ফক্সকন সংস্থার চেয়্যারম্যান লিউ ইয়াঙ বলেছিলেন, “ভবিষ্যতে ভারতে আরও বিনিয়োগ করা হবে।” সূত্রের খবর, ভারতের বাজারে ফক্সকন প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। ফলে ভারতে বেকারত্বের হার কিছুটা হলেও কমতে পারে।
প্রসঙ্গত, ভারতে চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে এই সংস্থার দুটি কারখানা আছে। যেখানে আইফোন ও Xiaomi ফোনের পার্টস অ্যাসেম্বল করা হয়। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ বাড়লে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের ভিত আরো মজবুত হবে। তাছাড়া ভারতও নতুনভাবে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরার একটা সুযোগ পাবে।






