ভাটপাড়ার পর হালিশহর। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে পড়ল পরপর বোমা। অভিযোগ উঠেছে নৈহাটি পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা বিজেপি নেতা গনেশ দাসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। হালিশহর বলদেঘাটা এলাকায় হয় এই বোমাবাজি। তবে এই ঘটনায় বরাতজোরে রক্ষা পান বিজেপি নেতা গনেশ দাস।
প্রসঙ্গত উল্লেখ্য শনিবার রাতে বীজপুর বালিভাড়া এলাকায় ভ্রাতৃসংঘ ক্লাবে মানিক দাস নামে এক বিজেপির কর্মীর মাথায় লোহার রড মারা হয় বলে অভিযোগ। খবর যায় গণেশ দাসের কাছে। তিনি তখন আক্রান্ত কর্মীকে নিয়ে বিজপুর থানায় অভিযোগ দায়ের করতে যান।
অভিযোগ, থানা থেকে ফেরার পথেই হামলা হয় গণেশ দাসের ওপর। দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিজেপি নেতা। তবে গনেশ দাসের দাবি যেখানে আক্রান্ত ছিলেন তিনি নিজেই সেখানেই রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বীজপুর থানার পুলিস। যদিও সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে পুলিশের দাবি তাঁর স্বার্থেই তাঁকে উদ্ধার করা হয়েছিল, আটক করা হয়নি।






