প্রকৃত সীমান্ত রেখা বরাবর পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে, একপ্রকার স্বীকার করে নিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয় শংকর (Subhramaniam Jay Shankar)। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী জানান যে এই মুহূর্তে লাদাখ সীমান্তে ভারত চীন বিবাদ (India China conflict) ভয়ঙ্কর আকার নিয়েছে। দুই দেশের মধ্যে গভীর রাজনৈতিক আলোচনা প্রয়োজন।
আর কিছুদিনের মধ্যেই মস্কোতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (Sanghai Cooperation Organisation) অংশগ্রহণ করবেন জয় শংকর (Subhramaniam Jay Shankar), তার আগেই তাঁর এরকম মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তিনি জানিয়েছেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় না থাকলে দু’দেশের মধ্যে কখনও একটি সুস্থ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠতে পারে না। গত ৩০ বছরে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা বজায় থাকলেও বর্তমানে সমস্যা তৈরি হয়েছে। ভারতের দ্বিতীয় বাণিজ্যিক সঙ্গী হল চীন। এই দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক রাখা দরকার।
আগামীকাল থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত যে বিদেশমন্ত্রক স্তরের বৈঠক রয়েছে সেখানে পরশুদিন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই (Wang E)-র সঙ্গে বৈঠক হতে পারে জয়শঙ্করের। ওই বৈঠকে ভারত ও চীন বিবাদ নিয়েই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সেরকম ইঙ্গিত দিয়েছেন।
কূটনৈতিক স্তরে আলোচনা করে গালওয়ান উপত্যকা বিবাদ মিটিয়ে নেওয়ার আগেই চলতি মাসে ফের ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করে লাল ফৌজ। ফলে বর্তমানে দু’দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যেই চীনের সঙ্গে বৈঠকে কী ফলাফল হয় সেই নিয়েই উদগ্রীব হয়ে অপেক্ষা করছে কূটনৈতিক মহল।





