গতকাল রাতে পাকিস্তানে একটি পথ দুর্ঘটনায় আগুন লাগে এক যাত্রীবোঝাই ভ্যানে যার জেরে প্রাণ খোয়ালেন কমপক্ষে ১৫ জন যাত্রী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পাকিস্তানের বন্দর শহর করাচিতে।
স্থানীয় সুত্রের খবর, শনিবার গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ প্রান্তের করাচি বন্দর সংলগ্ন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবোঝাই ভ্যানকে ধাক্কা মারে একটি ট্রাক। ধাক্কা লাগার জেরে উল্টে জাউ ভ্যানটি। এরপরই আগুন লাগে তাতে। ফলে ভ্যানের মধ্যে থাকা ১৫জন যাত্রীর মৃত্যু ঘটে অগ্নিদগ্ধ হয়ে। বাকি যাত্রীদের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে একটি এক বছরের শিশুও রয়েছে। আহত যাত্রীদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
করাচির মোটরওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র পুলিশ আধিকারিক আফতাব পাঠান এই প্রসঙ্গে জানান, একটি ট্রাকে ধাক্কা লেগে ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। উল্টে যাওয়ার জেরে ভ্যানের তেলের ট্যাঙ্কে আগুন ধরে ১৫ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ৩ জন শিশু। এক বছরের শিশু-সহ আরও ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মৃতদেহগুলি এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত মুশকিল, তাদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আফতাব পাঠান। মৃতদেহগুলির যাতে ডিএনএ পরীক্ষা করানো হয়, সেই বিষয়েও আলোচনা করা হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তানে প্রত্যেক বছরই এরকম পথ দুর্ঘটনার জেরে প্রাণহারা হয় বহু মানুষ। পথ সুরক্ষা বিধি না মেনে বেপরোয়া গাড়ি চালানোর ফলেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটতে থাকে। তবে পথ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল সেখানকার রাস্তাঘাটের হাল।





