“ভোট না পেলে উন্নয়ণের প্রয়োজন নেই। কোনও কাজ করবেন না।” স্পষ্ট মন্তব্য বিতর্কিত অনুব্রত’র!

লোকসভা ভোটে কম আসনে জেতায় নেত্রী বলেছিলেন বেশি উন্নয়ন হয়ে গেছে তাই কম ভোট পেয়েছি। এবার প্রায় একই সুরে কথা বললেন তৃণমূলের প্রবল বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল বিজেপিকে ভোট দিলে এলাকায় কোনও উন্নয়ণ হবে না। সাফ জানিয়ে দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এই কথা তিনি আগেও বলেছেন। কিন্তু বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এমন কথা যথেষ্টই বিতর্কিত এবং দলকে অস্বস্তিতেই ফেলবে তা বলা বাহুল্য। গতকাল অর্থাৎ রবিবার বীরভূমের নলহাটি ১ নম্বর বুথের কর্মীসভায় যোগ দিয়েছিলেন অনুব্রত মন্ডল। সেখানেই এক বুথ কর্মী তাঁকে জানান, এলাকায় কাজ হয়েছে কিন্তু পর্যাপ্ত ভোট মেলেনি। বুথ কর্মীর এহেন অভিযোগ পেয়ে বরাবরের বিতর্কিত অনুব্রত বলেন, “কিছু দিলে কিছু পাবে স্পষ্ট বলে দিন। আর ভোট না পেলে উন্নয়ণের কোনও প্রয়োজন নেই। কোনও কাজ করবেন না। কোনও দরকার নেই।”

তবে অনুব্রত মণ্ডলের এইরকম উক্তির পর চুপ করে থাকেনি পদ্ম শিবির‌ও। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল (Shyama Prasad Mandal)। তিনি বলেন, ২০২১ সালে এমনিতেই রাজ্যে তৃণমূল (TMC) থাকবে না। বাংলার আমজনতাই ওদের তাড়িয়ে দেবে। বিজেপি (BJP) মানুষের জন্য কাজ করবে।

তৃণমূল নেতার মন্তব্যের জবাব দিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তিনি বলেন, যারা বলে ভোট না দিলে উন্নয়ণ হবে না তাদের রাজনীতি করতে দেওয়া উচিত নয়। শুধু অনুব্রত মণ্ডলই নয়, গোটা তৃণমূল দলটারই একই নীতি বলে কটাক্ষ তাঁর।

RELATED Articles

Leave a Comment