গুড এন্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি নিয়ে বড়োসড়ো ঘোষণা করল কেন্দ্র। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে অর্থ সচিব জানিয়েছেন এবার থেকে ক্ষুদ্র করদাতাদের প্রত্যেক মাসে রিটার্ন (GSTR-3B) জমা দিতে হবে না। তারা ত্রৈমাসিক রিটার্ন জমা দেবেন। এর ফলে স্বস্তির নিঃশ্বাস পড়ছে ক্ষুদ্র করদাতাদের।
আগামী বছরের জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম লাগু হবে। এর ফলে বছরে ২৪ টি ট্যাক্স রিটার্ন এর বদলে ৮ টি ট্যাক্স রিটার্ন দিতে হবে ক্ষুদ্র করদাতাদের। ক্ষুদ্র করদাতারা অনেকটা নিশ্চিত হবেন কারণ বারবার তাদেরকে রিটার্ন জমা করতে হবে না।
অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, যেসকল রাজ্যগুলির জিএসটি খাতে গতবার কম টাকা পেয়েছিল তারা আগামী সপ্তাহের শেষে ২৪ হাজার কোটি টাকা পাবে। আজ সোমবার রাতের বেলা কম্পেন্সেশন সেস রিলিজ করা হবে যার মূল্য কুড়ি হাজার কোটি টাকা।
বস্তুত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া একটি রিপোর্টে জানিয়েছিল জিএসটির ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্র কিছু নিয়ম ভঙ্গ করেছে। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ দুই অর্থবর্ষে এই ঘটনা ঘটেছে এবং তা জানতে পেরেই কেন্দ্র সঙ্গে সঙ্গে নিজের ভুল শোধরাতে উদ্যোগী হয়েছে যার প্রশংসা করছে ওয়াকিবহাল মহল।






