মাদলসা এখন সোশ্যাল মিডিয়ার হট সেন্সেশন, তার ছবি যেন শুধু পোস্ট করার অপেক্ষা। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় নিমেষে। সম্প্রতি সমুদ্র চরে কাটানো একটি মুহূর্তের ছবি শেয়ার করেন অভিনেত্রী। দর্শকমহলে বেশ সাড়া জাগিয়েছে তার এই ছবি। পেয়েছেন ভক্তদের প্রশংসাও।
২০১৮ সালে মিঠুনের বড় ছেলে মিমোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাদলসা। কয়েকমাস আগেই ছোটো পর্দাজগতে পা রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদলসা। বর্তমানে ‘অনুপমা’ নামের একটি হিন্দি ধারাবাহিকে কাব্যার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের বেশ মন জয় করে ফেলেছে। খুব বেশিদিন হয়নি সিরিয়ালটি শুরু হয়েছে কিন্তু এরই মধ্যে টিআরপি-এর দিক দিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে সিরিয়ালটি।
ছোটো থেকেই ফিল্মি আবহাওয়ার মধেই বড় হয়েছেন মাদলসা। তার বাবা হলেন পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মা। তার মা শীলা শর্মা বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জগতে বেড়ে ওঠার দরুন তার বরাবরই অভিনয়ের দিকে একটা টান ছিলই।
২০০৯ সালে একটি তেলেগু ছবি ‘ফিটিং মাস্টার’-এর হাত ধরে অভিনয়ে ডেবিউ করেন তিনি। এরপর কন্নড়, তামিল, জার্মান, ও কয়েকটি হিন্দি ছবিতেও দেখা যায় তাকে। এরপর কোরিওগ্রাফার গণেশ আচার্যের পরিচালিত ছবি ‘অ্যাঞ্জেল’-এর হাত ধরে বলিউড যাত্রা শুরু হয় মাদলসার। এর আগে ‘অন্নপূর্ণা’ নামের একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন মাদলসা। টেলিভিশন নিয়ে কেরিয়ার শুরু করার কথা নাকি মিঠুন চক্রবর্তীই বলেছিলেন তাকে।
সম্প্রতি, তার স্বামী মিমোর বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ এনেছেন। তরুণীর দাবী, বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মিমো নাকি তার সঙ্গে সহবাস করেন এবং তরুণী পরবর্তীকালে গর্ভবতী হলে মিমো তাকে না জানিয়েই কোনও ওষুধ খাইয়ে তার গর্ভপাত করান। ওই তরুণীর দাবী ২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে সম্পর্ক ছিল তার। এরপর ২০১৮ সালে মিমো মাদলসাকে বিয়ে করলে ওই তরুণী মিমোর বিরুদ্ধে মামলা দায়ের করতে চান কিন্তু পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন ও মিমোর বিরুদ্ধে অভিযোগ আনেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মাদলসা বা তার পরিবারের কারোর কোনও প্রতিক্রিয়া মেলেনি।





