সনু সুদ এর বায়োপিক তৈরি হতে চলেছে, নায়ক কে হবে তা জানিয়ে দিলেন অভিনেতা স্বয়ং!

তিনি পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে এই করোনা আবহে তিনি কিন্তু দেশবাসীর কাছে একজন হিরো, একজন পরিত্রাতা রূপে অবতীর্ণ হয়েছেন। যেভাবে লকডাউন পর্বে তিনি পরিযায়ী শ্রমিক এবং দরিদ্র মানুষের জন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তাতে তাকে সকলেই সুপারম্যান বলে আখ্যা দিয়েছেন। আমরা বলিউডের এই কুখ্যাত ভিলেন চরিত্রে অভিনয় করা মানুষকে নতুন রূপে চিনেছি এই কয়েকটা মাসে। যারাই সাহায্য চেয়েছেন অভিনেতার কাছ থেকে তারাই সাহায্য পেয়েছেন।

তবে লকডাউন শেষ হয়ে গেলেও কিন্তু নিজের কাজ থামিয়ে দেন নি অভিনেতা। এখনো কোনো রকম সাহায্য চেয়ে তাকে টুইট করলে তিনি যাচাই করে সাহায্য পাঠিয়ে দেন অবিলম্বে।
সম্প্রতি শোনা গিয়েছে যে সনু সুদ এর বায়োপিক তৈরি হতে চলেছে। এই বিষয়ে একটি সংবাদ মাধ্যম অভিনেতার কাছে প্রশ্ন করে যে নিজের বায়োপিকে নিজের ভূমিকায় কাকে দেখতে চাইবেন তিনি?

উত্তরে সনু বলেন যে নিজের বায়োপিকে তিনি নিজেই নিজের চরিত্রে অভিনয় করবেন। কারণ নিজের চরিত্রে অন্য কোন অভিনেতাকে তিনি ভাবতেও পারছেন না এবং নিজের বায়োপিকে নিজে অভিনয় করার মতো ক্ষমতা তার রয়েছে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তার কাছে এই সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব এসেছে তবে তার শর্ত একটাই, নিজের চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন।

তবে এখন যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়ানোর কাজে নিজেকে ব্রতী করেছেন তাতে এখনই বায়োপিক তৈরির কথা চিন্তা ভাবনা করছেন না তিনি। লকডাউন উঠে গেলেও তার কাজ শেষ হয়নি কারণ এখনও সাহায্যের আবেদন জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় রোগী বা গরীব পড়ুয়ারা তার কাছে আসছেন। তাই তাদের সাহায্য করার দিকেই মনোনিবেশ করেছেন সনু।

অন্যদিকে শনিবারই এক বেসরকারি বিমান সংস্থা জানিয়েছে যে এখনো পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কাজ করে চলেছেন সনু সুদ। অন্যদিকে সম্প্রতি এক ব্যক্তির মায়ের অস্ত্রোপচারের ব্যবস্থাও করেছেন এই পরোপকারী জনদরদী অভিনেতা। তাই বায়োপিকটা পরেই তৈরি করবেন বলে ভেবেছেন সনু।

RELATED Articles