আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দল হল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস। প্রায় প্রতিবারই সিএসকে ফাইনাল খেলে আর প্লে-অফেও যায়। তবে এইবারের আইপিএল থেকে কার্যত বিদায় হয়ে গিয়েছে সিএসকে-এর। সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই প্রশ্ন তুলেছেন বেশী বয়সী সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা নিয়ে। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে শেষে রয়েছে চেন্নাই।
অনেক ম্যাচে আবার ধোনির নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটেও আর সেই তেজ নেই। হারিয়ে গিয়েছে ফিনিশার ধোনিও। ফলে পরের বছর জেতার জন্য আইপিএল খেলতে নামতে গেলে চেন্নাই দলে কিছু পরিবর্তন আনতেই হবে।
কিন্তু আগামী বছরেও কি ধোনি থাকবেন আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক? সেই নিয়েই বড়সড় মন্তব্য করেছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বড়সড় ঘোষণা করলেন।
দলে বদল হলেও চেন্নাই ধোনির মতো অধিনায়ক ও ক্রিকেটীয় মস্তিষ্ককে ছাড়তে নারাজ। ধোনির আগামী মরসুমে নেতৃত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, “আমি নিশ্চিত যে ২০২১ সালেও সিএসকে-র নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। তিনটি আইপিএল খেতাব জিতেছেন। এ বছর আমরা প্লে-অফের জন্যে কোয়ালিফাই করিনি। একটা খারাপ বছর গেল। আমাদের অনেক কিছুই বদল করতে হবে।”






