সিবিআই এর অতিরিক্ত ডিরেক্টর নাগেশ্বর রাওকে বদলি করলো কেন্দ্র৷ সিবিআই থেকে সরিয়ে এই আইপিএস অফিসারকে নিয়োগ করা হলো দমকল, অসামরিক প্রতিরক্ষা এবং হোমগার্ডের ডিজি পদে৷
শুক্রবারই নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটির মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এবং সিবিআই এর আধিকারিক হিসেবে কার্যকালের মেয়াদ খর্ব করা হয় নাগেশ্বর রাওয়ের৷ এই নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটির শীর্ষে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিটিং এর পর গতকালই এই আইপিএস অফিসারকে স্বরাষ্ট্র মন্ত্রকে যুক্ত করে জারি করা হয় তাঁর বদলির নোটিশ৷
এর পূর্বে নাগেশ্বর রাওকে দুই দফায় সিবিআই এর অন্তর্বর্তী প্রধান পদে নিয়োগ করেছিল কেন্দ্র। এরপরই গত অক্টোবর মাসে তাকে নিয়োগ করা হয় সিবিআই এর অতিরিক্ত ডিরেক্টর এর পদে৷ এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতে পারবেননা বলে জানিয়েছিল কেন্দ্র। তথাপি নাগেশ্বর রাও একজন সিবিআই আধিকারিককে বদলি করে সুপ্রিম কোর্টের রোষের শিকার হয়েছিলেন। এরজন্য এরপর তাকে কোর্টের নিকট ক্ষমা প্রার্থনা করা ছাড়াও দিতে হয়েছিল ১ লক্ষ টাকা জরিমানা৷