আইপিএলে সুযোগ পেয়েও ব্যর্থ তেজস্বী যাদব! আজ তিনিই সফল রাজনীতিবিদ

তেজস্বী যাদবের এই রূপের সাথে আগে কেউ কখনও পরিচিত ছিল না। বিহারের লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদবকে সবাই একজন সফল রাজনীতিবিদ হিসেবেই চিনে এসেছেন। কিন্তু রাজনীতির ময়দান ছাড়াও ক্রিকেটের ময়দানের সঙ্গেও পরিচিত ছিলেন তেজস্বী। বড় ক্রিকেটার হবেন তিনি, এই স্বপ্নই দেখতেন। কিন্তু শেষমেশ ক্রিকেটের ময়দানে ব্যর্থ হয়েই রাজনীতিতে যোগ দেন তেজস্বী।

বলা বাহুল্য, তাঁর বাবা লালু ক্রিকেট প্রশাসনের সঙ্গেও যুক্ত ছিলেন। সেই কারণে তেজস্বীর ক্রিকেটার হওয়ার স্বপ্ন আরও বেড়ে যায়। মিডল অর্ডারে ডানহাতি ব্যাটসম্যান ছিলেন তেজস্বী এবং স্পিন বোলিংও করতেন তিনি। কিন্তু কোনওদিনই সেই রকম নজরকাড়া কিছু প্রদর্শন করতে পারেননি। দিল্লির হয়ে অনুর্ধ্ব ১৯ দলেও খেলেছিলেন তিনি। ঝাড়খণ্ডের হয়ে রাজ্য দলে এবং আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলস-এও সুযোগ পেয়েছিলেন তেজস্বী।

তেজস্বীর সুযোগ পাওয়া নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছিল। অনেকেরই অভিযোগ ছিল বাবার জন্যই সুযোগ পাচ্ছেন তিনি। ক্রিকেটার হিসেবে ঝাড়খণ্ডের হয়ে একটি ফার্স্ট ক্লাস, দু’টি লিস্ট এ এবং চারটি টি- ২০ ম্যাচ খেলেছেন তিনি। লিস্ট এ-র দু’টি ম্যাচে তিনি করেন ১৪ রান। আর ক্রিকেটে সফল না হয়েই আজ রাজনীতির ময়দানে বাজিমাত করছেন তিনি। বাবার নাম রক্ষা করছেন। এদিন বিহার নির্বাচনের ফলাফলে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটকেই কিছুটা হলেও এগিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা।

RELATED Articles