দিওয়ালিতে নতুন চমক ভাইজানের, নজরকাড়া লুকে সকলকে তাক লাগালেন সলমন

এই বছরটাই একেবারে অন্যরকম। চারিদিকে এত খারাপ খবর, অতিমারি, মৃত্যু, কষ্ট-দুঃখ, সব মিলিয়ে যেন এক অভিশপ্ত বছরের সাক্ষী থাকল মানুষ। কিন্তু এর মধ্যেই পুনরায় নিজেদের জীবনকে সাজিয়ে তুলতে হবে, ‘নিউ নরম্যাল’-এর সঙ্গে জীবন চলা অভ্যেস করতে হবে। মানুষ তা করছেও। করোনাকে নিয়েই একটু একটু করে বাঁচতে শিখছে মানুষ। এরই মধ্যে উৎসব, অনুষ্ঠান সকলের জন্য নিয়ে আসে মন ভালো করা আনন্দ। কিন্তু এই বছর উৎসবেও হাজার এক নিয়ম।

এই বছর করোনা পরিস্থিতিতে দিওয়ালির সময় আতসবাজি জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু আমাদের ভাইজান ফের একবার বুঝিয়ে দিলেন মন ভালো রাখার জন্য কোনও আতসবাজি লাগে না, উনি একাই একশ। সলমনের দিওয়ালির সাজ পোশাকে ফিদা তার ভক্তকূল।
দিওয়ালির দিন কুর্তা-পাজামা পরে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানান ভাইজান। তার এই লুক নজর কেড়েছে নেটিজেনদের। এদিন অ্যাশলে রিবেলোর ডিজাইনার পোশাকে দেখা গেল তাকে। মেরুন রঙের ফ্লোরাল প্রিন্টেড কুর্তায় যে তাক লাগালেন বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’। এদিন টুইট করে তিনি লেখেন “সকলকে জানাই শুভ দীপাবলির এবং নতুন বছরের শুভেচ্ছা। সুরক্ষিত থাকুন”। তার এই টুইটে তাকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার অনুগামীরা।

বিগত কয়েকমাস ধরেই করোনা আবহের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং-এর কাজ। এর মধ্যে নতুন করে কোনও ছবি মুক্তি পায়নি। কিন্তু ফের শুটিং-এর অনুমতি মিলতেই নিজের পরবর্তী ছবি ‘রাধে’-এর কাজে মন দিয়েছেন সলমন। ‘দাবাং থ্রি’-এর মতো এই ছবিরও পরিচালক প্রভু দেবা। এরপরই ‘অন্তিম’ নামে একটি ছবির শ্যুটিং শুরু করবেন সলমন। এই ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর। মুম্বই মিররে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন খবরই মিলেছে। মারাঠি ছবি ‘মুলশী প্যাটার্ন’ নামে এক ছবির হিন্দি রিমেক এটি। এই ছবিতে সলমনকে দেখা যাবে খাকি উর্দিতে। অন্যদিকে, ভাইজানের ভগ্নিপতি আয়ুশ শর্মা থাকবেন গ্যাংস্টারের ভূমিকায়।

https://twitter.com/BeingSalmanKhan/status/1327494493478690818

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, নভেম্বরের শেষে ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করবেন শাহরুখ খান। শাহরুখের এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে সল্লু ভাইকে। এর আগে সলমনের ‘টিউবলাইট’ ছবিতে শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল।

RELATED Articles