কার্তিক আরিয়ান নতুন প্রজন্মের মহিলা ক্রাশ বলা যেতে পারে। নিজের অভিনয়ের দক্ষতায় বেশ তাড়াতাড়িই বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় ইতিমধ্যেই নিজের নাম লিখিয়ে ফেলেছেন। তিনি যে হাস্যকৌতুক ভালোবাসেন তা কারোর অজানা নয়। সোশ্যাল মিডিয়াতে তাকে প্রায়শই দেখা যায় কারোর না কারোর সঙ্গে মজা করতে। এবার বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে মজায় সামিল হলেন অভিনেতা।
কিছুদিন আগেই ছিল কার্তিক আরিয়ানের ৩০তম জন্মদিন। এদিন দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানান। স্টোরিতে তিনি লেখেন, “শুভ জন্মদিন, আশা করি আমরা যেন এই বছর একসঙ্গে একটি মজাদার সিনেমা সাইন করতে পারি”। এর উত্তরে কার্তিক লেখেন, ‘তুমি শুধু দিন ঠিক করো, মজা আর সিনেমা আমি নিয়ে আসছি’। এরপর দীপিকা কার্তিকের জবাবের পালটা উত্তর দিয়ে লেখেন ‘স্যার, আমার সব দিনই আপনার জন্য’। এরপরই এই দুই তারকার এই মজার আলাপচারিতা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। অনেকেই ভাবছেন তারা দুজন একসঙ্গে নতুন কোনও কমেডি ছবি করছেন কী না।

এর আগেও কার্তিক দীপিকার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। বেশ কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রামে একটি পুরনো কোলাজ করা ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করেন তিনি। ছবিটি ছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’ লুকে ‘ওম শান্তি ওম’ ছবির দীপিকার একটি স্টিল ছবি একসঙ্গে কোলাজ করা। এই ছবি পোস্ট করে কার্তিক ক্যাপশনে লেখেন, “কোনও পরিচালকের কী ক্ষমতা আছে?” এই পোস্ট দেখে বোঝাই যায় যে দীপিকার সঙ্গে কাজ করতে কার্তিক বেশ উৎসাহিত।
এদিকে, কার্তিক নিজের ইনস্টাগ্রাম লাইভে একবার বলেন যে দীপিকার মতো কাউকেই তিনি বিয়ে করতে চান। লাইভ চলাকালীন একজোন কার্তিককে জিজ্ঞেস করেন যে তিনি কেমন মানুষ বিয়ে করতে চান। সেই উত্তরেই তিনি বলেন যে, “আমার মনে হয় দীপিকার মতো একজনকে, ঠিক ওঁর মতো। এমন একজন যে সব সময় তাঁর স্বামীকে সবার সামনে তুলে ধরেন”। তার এই কথা থেকেই স্পষ্ট যে তিনি দীপিকাকে মানুষ হিসেবেও বেশ পছন্দ করেন ও তার সঙ্গে কাজ করলে তিনি বেশ খুশিই হবেন।






