তৃণমূল ছেড়ে বিজেপিতে শুভেন্দু ঘনিষ্ঠ সিরাজ খান, বঙ্গ রাজনীতির সমীকরণ কি পাল্টাচ্ছে?

বাংলায় আর মাত্র পাঁচ ছ’মাস হাতে আছে বিধানসভা নির্বাচনের।‌ এরই মাঝে শক্তি ঝালিয়ে নিতে হবে শাসক-বিরোধী সব শিবিরকেই। তবে ভোটের ঠিক আগে আগে তৃণমূলী রাজনীতিতে বেশ কিছুটা জট পেকেছে।

রাজ্যের শাসক হিসেবে তৃণমূলের সঙ্গে পূর্ব সদ্ভাব আর নেই রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুভেন্দু যে কী করবেন বা করতে চাইছেন তা তাঁর ঘনিষ্ঠ অনুগামীদের কাছেও এখনও স্পষ্ট নয়। শুভেন্দুকে দলে রাখতে তাঁর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু ফলাফল থেকেছে অমীমাংসিত।

তবে আসন্ন ভোটের‌ আগে দলবদলের রাজনীতিতে মেতেছে পূর্ব মেদিনীপুর। এ বার সেই তালিকায় যোগ হল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানের নাম। গতকাল অর্থাৎ বুধবার মেচেদায় ভারতীয় জনতা কিষাণ মোর্চার সভায় ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন তিনি।

তৃণমূল ছেড়ে শুভেন্দু ঘনিষ্ঠ সিরাজ খানের বিজেপিতে যোগদান ভাঁজ ফেলেছে শাসকদলের কপালে। সিরাজের এই সিদ্ধান্তকে সাদরে অভ্যর্থনা করেছেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস তাঁকে দলে স্বাগত জানান। যে মঞ্চে সিরাজ গেরুয়া শিবিরে যোগদান করেন, সেখানে তাঁর সামনেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে।

বিজয় বর্গীয় বলেন, সিরাজ এবং জয় শ্রীরাম এক সঙ্গেই থাকবে। বুধবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া এই উক্ত শুভেন্দু-ঘনিষ্ঠ তৃণমূল ত্যাগী নেতার দাবি, তাঁকে আশীর্বাদ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, “যেমন চেয়েছি কাজ করতে পারছি না, শুভেন্দুকে মেসেজ করি, তিনি আশীর্বাদ করেছেন আমায়। আজ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় আমাকে দলে স্বাগত জানান।”

সিরাজের বিজেপিতে যোগদানের পরেই তৃণমূলে শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন।যদিও প্রবল গুঞ্জনের মধ্যেই শুভেন্দু এখনও ধাঁধা জিইয়ে রেখেছেন।

আরও অন্যান্য খবর