মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু, ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি জারি পর্ষদের তরফ থেকে

মাথাচাড়া দিচ্ছে মাধ্যমিক। পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু পর্ষদের পক্ষ থেকে। আগামী ১৬ ও ১৭ই ডিসেম্বর পর্ষদের ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার ফর্ম দেওয়া হবে বলে জানা গিয়েছে।

গতকালই পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী বছর যেসমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক দেবে, তাদের জন্য ছাপা ফর্ম বিলি করা হবে। ১৬ ও ১৭ই ডিসেম্বর পর্ষদের অফিস থেকে সব স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সেই ফর্ম সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে চলতি বছরের নবম শ্রেনির পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফর্মও দেবে পর্ষদ।

এই ফর্ম কতদিনের মদ্ধে ফিলআপ করে ফের পর্ষদে জমা দিতে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা ভাবছে পর্ষদ। এ বিষয়ে ফর্ম বণ্টনের দিনেই স্কুলের প্রতিনিধিদের সব প্রয়োজনীয় তথ্য দিতে পারে পর্ষদ।

এরই মধ্যে সূত্রের মারফত জানা গিয়েছে যে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিন পিছিয়ে যাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের বিধানসভা ভোটের পরেই হতে পারে মাধ্যমিক পরীক্ষা। সেই প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের জুন মাদের প্রথম সপ্তাহে শুরু হতে পারে মাধ্যমিক ও তা চলতে পারে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

জানা গিয়েছে, স্কুল শিক্ষা দফতরের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সেই রুটিনের প্রস্তাব পাঠানো হবে। সেই ভিত্তিতেই আলোচনা হবে। তারপর মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে তবেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট স্থির করা হবে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। তার উপর এ বছর মাধ্যমিকের পাঠক্রমেও হয়েছে কাটছাঁট। তবে প্রশ্নপত্রের ধাঁচে কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। তবে পাঠক্রম কাটছাঁটের ফলে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তা নিয়ে পর্ষদে আলোচনা করা হবে।

আরও অন্যান্য খবর