ফের একবার মাদক সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবির তরফ থেকে ডেকে পাঠানো হল অভিনেতা অর্জুন রামপালকে। এই মামলায় আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু অর্জুনই নয়, তার বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসকেও এর আগে জেরা করেছে এনসিবি।
গত কয়েকমাস ধরেই মাদককাণ্ডে অর্জুন ও তার পরিবারের উপর কড়া নজরদারি করে এনসিবি। গত অক্টোবর মাসে এনসিবির হাতে গ্রেফতার হন গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস। এরপর নতুন তথ্য সামনে আসায় ফের একবার অর্জুন রামপালকে তলব করেছে এনসিবি। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৬ই ডিসেম্বর তাকে ডেকে পাঠিয়েছে এনসিবি।
গত মাসেই অর্জুনের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। সেখান থেকে ১১টি বৈদ্যুতিন গ্যাজেট ও কয়েকটি নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর ১৩ তারিখ অর্জুনকে প্রথমবার জেরা করা হলে মাদককাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।
জানা গিয়েছে, অ্যাগিসিলাওসের সঙ্গে একাধিক মাদক পাচারকারীদের সংযোগ থাকার হদিশ পেয়েছে এনসিবি। এও জানা গিয়েছে যে, বলিউডের বেশ কিছু তারকাদের মাদক পাচার করত অ্যাগিসিলাওস। তার কাছ থেকে অ্যাল্পারাজোলাম নামের নিষিদ্ধ ট্যাবলেটও উদ্ধার করা হয়েছিল। এরপর গত ১৮ই অক্টোবর তাকে গ্রেফতার করে এনসিবি পুলিশ। টনে নভেম্বরের শুরুর দিকে জামিন পেয়ে যান তিনি। কিন্তু তার জামিনের কয়েকঘণ্টার মধ্যেই আবার ওপর একটি মাদককাণ্ডে জড়িয়ে থাকার কারণে ফের অ্যাগিসিলাওসকে হেফাজতে নেয় এনসিবি।
এনসিবির কাছে প্রমাণ রয়েছে যে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাড়ির দুই পরিচারক স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্তসের সঙ্গে যোগাযোগ ছিল তার। সুশান্তের মৃত্যুর দিন দীপেশ ওই বাড়িতেই ছিলেন।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে বলিউডের সঙ্গে মাদকযোগের বিষয়টি সামনে আসে। এরপর এই নিয়ে তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তদন্তের জেরে সামনে আসে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর নাম। তারপরেই এই মাদক মামলায় নাম জড়ায় দীপিকা পাডুকোন থেকে শুরু করে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিং-এর মতো বিভিন্ন অভিনেত্রীদের।





