ফের বিপত্তি! করোনা পরিস্থিতির মধ্যেই নতুন ধরণের করোনা ভাইরাসের খোঁজ মিলল ইংল্যান্ডে, আক্রান্ত হাজারেরও বেশি

একে করোনায় রক্ষে নেই, তার উপর বাড়তি নতুন ধরণের করোনা ভাইরাস। দুঃসংবাদ মিলল ইংল্যান্ড থেকে। নতুন ধরণের করোনা ভাইরাসের খোঁজ মিলেছে সে দেশে। এর জেরে বেশ কয়েকটি অঞ্চলে সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে। নতুন ধরণের এই করোনা ভাইরাসে আক্রান্ত হাজারেরও বেশি মানুষ। WHO এই বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যামক। এছাড়াও, ব্রিটেনের গবেষকরাও এই নতুন ধরণের ভাইরাস নিয়ে গবেষণা চালাচ্ছেন।

হ্যামক জানিয়েছেন, এই নতুন ধরণের করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দক্ষিণ ইংল্যান্ডের ১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহ থেকেই লন্ডন-সহ কেন্ট, এসেক্স, হার্ডফোর্ডশায়ারের একাংশে সংক্রমণ বেড়েছে। এর মোকাবিলায় দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন হ্যামক। এর জেরে লন্ডনে জারি হয়েছে ‘টিয়ার থ্রি’ সতর্কতা। বন্ধ রয়েছে সব হোটেল ও রেস্তোঁরা। মানুষের মধ্যে মেলামেশিও বন্ধ করা হয়েছে।

এদিকে, ইংল্যান্ডের মেডিক্যাল অফিসারদের প্রধান অধ্যাপক হুইটি জানিয়েছেন নতুন ধরণের এই করোনা ভাইরাসকে পুরনো ও চেনা পদ্ধতিতেই চিহ্নিত করা হয়েছে। তিনি সকলকে আশ্বস্ত করে আতঙ্কিত হতে বারণ করেছেন। তবে এই ভাইরাস বেশি ভয়ংকর কী না, বা তার সংক্রামক কতটা বেশি, এ নিয়ে এখনই মুখ খুলতে রাজী নন তিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকেই ব্রিটেনে শুরু হয়েছে করোনা ভাইরাসের গণ টিকাকরণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনই টিকাকরণের ছাড়পত্র দিয়েছে ফাইজার ও বায়োএনটেকের সম্ভাব্য করোনার প্রতিষেধককে। তবে এই টিকা নিয়ে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগও উঠেছে। ব্রিটেনের স্বাস্থ্যকর্তাদের থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে যাদের কোনও অ্যালার্জির ইতিহাস রয়েছে, তারা যেন এই টিকা না নেন।

RELATED Articles