জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথে আইএসএলের ক্লাবগুলি তাদের স্কোয়াডের খামতি মিটিয়ে নিতে চাইছে। তাই চলছে ঋণের জন্য একে-অপরের সঙ্গে চুক্তির পালা। এরই মধ্যে কেরালা ব্লাস্টার্সের নংদাম্বা নাওরেম এটিকে-মোহনবাগানে যোগ দিল। তবে নাওরেন পড়ল চোট সমস্যায়। অনুশীলনের সময় দেখা যায় হাঁটুতে চোট রয়েছে নাওরেমের। যদিও ম্যাচ ফিট নয়, তবে দলের সাথে হালকা অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই তরুণ ফুটবলার।
বলা বাহুল্য, গত মরসুমে মোহনবাগানের আই-লিগ বিজয়ী দলে ছিলেন উইঙ্গার নাওরেম। যদিও এই মরশুমে কেরালার হয়ে একেবারেই ছন্দে ছিলেন না নাওরেম। প্রথম চারটি ম্যাচে তিনটিতে শুরু করলেও তারপর আর খেলেননি তিনি। তবে মণিপুরের এই মিডফিল্ডারকে ছাড়তে প্রথম দিকে কেরালা ব্লাস্টার্স সায় দেয়নি। এরপর কেরালা ব্লাস্টার্স এবং এটিকে-মোহনবাগানের মধ্যে দ্বিগুণ ঋণ চুক্তি হয়। আর সবুজ-মেরুণ শিবিরে এসে মেডিকেল টেস্টেও পাশ করতে পারেননি নাওরেম।
নাওরেমের চোট নিয়ে কেরালা ব্লাস্টার্স স্পষ্ট করে কিছু করে জানায়নি এটিকে-মোহনবাগানকে। এই বিষয়ে ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, “নাওরেমের চোট নিয়ে কেরালা ব্লাস্টার্স কোনও কিছুই বলেনি আমাদের। কিন্তু নাওরেম অনুশীলন করতে গেলে হাঁটুতে বেশ অস্বস্তি পাচ্ছিলেন। আর এরপরেই বোঝা যায়, হাঁটুতে বেশ ভালোই চোট রয়েছে নাওরেমের। এথিক্স পালন করেনি কেরালা ম্যানেজমেন্ট। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”






