প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ভারতীয় দলের সবচেয়ে বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেল বিসিসিআই প্রেসিডেন্ট এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন। সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন গ্রেগ চ্যাপেল। এবিপি নিউজকে একটি মেসেজে বলেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ।” ২০০৫ সালে গ্রেগ চ্যাপেল যখন ভারতের প্রধান কোচ হন তখন সৌরভ ভারতের অধিনায়ক ছিলেন।
এই সময় দুজনের মধ্যে প্রচুর বিতর্ক হয় এবং সম্পর্ক খারাপ হয়। এই বিতর্কে গ্রেগ চ্যাপেল বিসিসিআইকে একটি ইমেল প্রেরণ করেছিলেন যাতে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন এবং তাকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল বলেছিলেন। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। শনিবার সকালে বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি তিনি। কার্ডিওলজিস্টরা আগামী ৪৮ ঘণ্টা সৌরভকে পর্যবেক্ষণে রাখেন।
বলা হয়েছে যে, সৌরভের রক্তচাপ ১১০/৮০ এবং তার শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ। চিকিত্সকরা বলেছিলেন যে সৌরভের অবস্থা দেখে আরও একটি অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল বোর্ড বাইপাস সার্জারির বিকল্প বিবেচনা করছে না। হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছিলেন, “আমাদের বিশেষজ্ঞ কমিটি বাকি চিকিত্সার বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে।” ইতিমধ্যেই প্রাক্তন থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা সুস্থতা কামনা করে ট্যুইট করেছেন। শুধু ক্রীড়াবিদ নয় উদ্বিগ্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা।






