শুভেন্দুর দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙা হল আসবাবপত্র! অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

শুক্রবারই নন্দীগ্রামে সভা করে এসেছেন সদ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর তার ঠিক পরদিনই শনিবার তাঁর নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে চলল দুষ্কৃতীদের তাণ্ডব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্বাভাবিকভাবেই সন্দেহের তীর গিয়েছে তৃণমূলের দিকেই। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ নাকোচ করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার নন্দীগ্রামে শুভেন্দুর সভার আগে তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ উঠে। তার প্রতিবাদে শনিবার প্রতিবাদ মিছিল করে তৃণমূল। সেই মিছিল থেকেই শুভেন্দুর দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা কার্যালয়ের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে, কাগজপত্র ছিঁড়ে দেয় বলেও জানা গিয়েছে। তাছাড়া, একটি মোটরসাইকেলও পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার সময় কার্যালয়ের কর্মীরা কোনওক্রমে পালিয়ে বাঁচে।

এই ঘটনায় শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা শাসকদলের দিকেই আঙুল তুলেছেন। তাঁর কথায়, “ওরা আমাদের পার্টি অফিসে তাণ্ডব চালিয়েছে। মোটরসাইকেল ভেঙেছে। আমরা পুলিশকে জানিয়েছি”। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের দাবী, “এর মধ্যে তৃণমূল নেই। নিজেরাই মারামারি করে নিজেদের পার্টি অফিস ভাঙচুর করেছে”।

শুক্রবার নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। এই সভায় ইট মারার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর গতকাল সেখানেই ভাঙচুর করা হল শুভেন্দুর দলীয় কার্যালয়। এর জেরে নতুন করে ফের উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারীর কী প্রতিক্রিয়া, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও অন্যান্য খবর