বিপর্যয় মোকাবিলায় এবার নারী শক্তি! পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে NDRF-এ শামিল ১০০ জন মহিলা 

ভারতীয় বিপর্যয় মোকাবিলা দফতরে নারীর ক্ষমতায়ন। দেশীয়  ইতিহাসে এই প্রথম। ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্সে‌ (NDRF) অন্তর্ভুক্ত হলেন ১০০ জন মহিলা। এতদিন পর্যন্ত এই সংগঠনের  সদস্য হিসেবে পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন শুধু পুরুষরাই। তবে এবার থেকে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে বিপর্যয় মোকাবিলায় নামবেন মহিলারাও।

উল্লেখ্য, গত কয়েকমাস যাবৎ‌ই NDRF-এ অন্তর্ভুক্ত হয়েছেন ১০০ জন মহিলা। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে সদস্যসংখ্যার বিচারে বিশ্বের সবথেকে বড় ফোর্স এটিই। আর সেখানে এতদিন স্থান ছিল না মহিলাদের। কিন্তু এবার এখানেই ক্ষমতায়ন হলো নারীর। সাব অফিসার, কনস্টেবল সহ সব পদেই মহিলারা নিযুক্ত হয়েছেন। তাই এবার থেকে পুরুষ সহকর্মীদের সঙ্গে মহিলারাও বিপর্যয়ের মাঝে আর্ত মানুষের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের গড় মুক্তেশ্বর শহরের গঙ্গা নদীর পাড়ে উদ্ধাকার্যের জন্য প্রাথমিকভাবে নিযুক্ত করা হয়েছে এনডিআরএফের মহিলা ব্রিগেডকে। নদীবক্ষে কখনও কোনও দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদেরকে। বিশেষ নৌকা নিয়ে নদীবক্ষে টহলের কাজও শুরু করে দিয়েছেন তারা। যে কাজ এতদিন শুধুমাত্র করতেন তাঁদের পুরুষ সহকর্মীরা।

জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানিয়েছেন, বেশ কিছুমাস ধরে প্রশিক্ষণের পর ধাপে ধাপে ১০০জন মহিলাকে কর্মী হিসেবে এনডিআরএফে নিযুক্ত করা হয়েছে। দ্রুত সেই সংখ্যাটা দ্বিগুণ বাড়িয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি আর‌ও বলেছেন, ‘শুধুমাত্র মহিলাদের স্কোয়াড এবং পুরুষদের সঙ্গে মহিলা কর্মীদের একত্রে গড়ে তোলা স্কোয়াড, দুরকম তৈরিরই পরিকল্পনা রয়েছে আমাদের। বেশ কিছু উদ্ধারকাজে মহিলা ও শিশুদের উদ্ধারের সময় মহিলা উদ্ধারকারীদের যে খুব প্রয়োজন সেই উপলব্ধি থেকে দ্রুত মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এনডিআরএফে অন্তর্ভুক্ত করার ভাবনা নেওয়া হয়।’

আরও অন্যান্য খবর