বিধানসভা নির্বাচনের উত্তেজনার মধ্যেই বাংলায় আরও দুটি ঘটনা নজর কেড়েছে। গরু পাচার কান্ড ও কয়লা পাচার কান্ড। ঘটনায় নাম জড়িয়েছে একাধিক নেতা, বিধায়ক, পুলিশের।
এবার কয়লা পাচারের ঘটনায় যুক্ত হল আইপিএস অফিসারের নাম। সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুl
উল্লেখ্য, সিবিআই সূত্রে খবর, তথাগত বসু প্রথমে হুগলি জেলার পুলিশ সুপার ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি হুগলির পুলিশ সুপার থাকাকালীন কয়লা পাচারের রুট হিসেবে হুগলি জেলাকে ব্যবহার করা হয়েছিল। আসানসোল, রানিগঞ্জ ও জামুড়িয়া থেকে পাচার হয়েছিল সেই কয়লা। এখন তথাগত বসু পুলিস সুপার পদে থাকা অবস্থায় কেনও সেই পাচারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে সেই প্রশ্নেরই জবাব চান সিবিআই আধিকারিকরা।
তাৎপর্যপূর্ণ ভাবে, এই প্রথম কয়লা পাচারের ঘটনায় পশ্চিমবঙ্গের কোনও আইপিএস অফিসারকে ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রাপ্ত খবর অনুযায়ী, সিবিআই-এর মুখোমুখি হতে ইতিমধ্যেই নিজাম প্যালেসে গিয়ে পৌঁছেছেন আইপিএস অফিসার তথাগত বসু।
প্রসঙ্গত দিন কয়েক আগেই কয়লা পাচার-কাণ্ডে রাজ্য জুড়ে তল্লাসি অভিযান চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ১২টিরও বেশি জায়গায় একযোগে হানা দেয় ইডি। লেকটাউন, হুগলি, উত্তর চব্বিশ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে তল্লাসি।





