কিছুদিন আগেই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ নামক ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এই ওয়েব সিরিজ মুক্তির পর থেকেই বিতর্কের মুখে পড়েছে। দাবী, ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে ভগবান শিবকে অপমান করা হয়েছে। ওয়েব সিরিজে ভগবান শিবকে নিয়ে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ। এই দৃশ্য হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে বলে দাবী করা হয়েছে। এই কারণে উত্তরপ্রদেশে ‘তাণ্ডব’-এর গোটা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার বলেন, উত্তরপ্রদেশে এই ধরণের কর্মকাণ্ড সহ্য করা যাবে না। তিনি আরও বলেন, এই ওয়েব সিরিজের নির্মাতাদের উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে। শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ধরণের ওয়েব সিরিজ গ্রহণযোগ্য নয়। এর জেরে ঘৃণা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মৃত্যুঞ্জয় কুমারের কথায় এই সিরিজের মামলায় পূর্ণ তদন্ত করা হবে। সিরিজের গোটা টিমকে গ্রেফতারির উপর কাজ করা শুরু হয়েছে বলেও দাবী করেন তিনি।
https://twitter.com/MrityunjayUP/status/1350778950872563712?ref_src=twsrc%5Etfw
‘তাণ্ডব’ ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। উত্তরপ্রদেশের পুলিশের দাবী, এই ওয়েব সিরিজে এক ধরণের সম্প্রদায়কে লক্ষ্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে ও হিন্দু ভাবাবেগকে নিয়ে খেলা করা হয়েছে। এই কারণেই গোটা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বিজেপি নেতা কপিল মিশ্র আমাজন প্রাইম ভিডিওকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তাদের প্ল্যাটফর্ম থেকে যাতে এই ধরণের ওয়েব সিরিজ সরিয়ে নেওয়া হয়, তার দাবী জানিয়েছেন কপিল মিশ্র। নোটিশে এও বলা হয়েছে যে, সিরিজটি সরিয়ে না নেওয়া হলে প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সোশ্যাল মিডিয়াতেও এই ওয়েব সিরিজকে নিষিদ্ধ ঘোষণা করার দাবী তোলা হয়েছে। এই নিয়ে ভারত সরকারের তথ্য ও সম্প্রচারক মন্ত্রীকে চাপও দেওয়া হচ্ছে। এও বলা হয়েছে যে, তিনি হয় এই ওয়েব সিরিজ নিষিদ্ধ করার নির্দেশ দেবেন, নাহলে নিজের পদ থেকে ইস্তফা দেবেন।





