এইবারের আইএসএল মরসুমের প্লে-অফের রাস্তা কার্যত শেষ এসসি ইস্টবেঙ্গলের জন্য। একের পর এক হার নিয়ে নাজেহাল হয়েছে লাল-হলুদ শিবির। শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করে দল, জয় অধরাই থাকে। তবে এবার আইএসএল দলগুলি আগামী মরসুমের কথা মাথায় রেখে পছন্দ মতো খেলোয়াড় টার্গেট করছে। রিক্রুটারদের সাথে কথাবার্তাও শুরু হয়েছে।
তবে অনেক তরুণ খেলোয়াড়রাই ইস্টবেঙ্গলের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতের অধিনায়ক অমরজিত সিং কিয়ামকে টার্গেট করেছিল লাল-হলুদ শিবির। তবে এবার সামনে চলে এসেছে এফসি গোয়াও। সেই কারণে হাতছাড়া হয়ে যেতে পারে তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার অমরজিত। এসসি ইস্টবেঙ্গল ৯০ লক্ষ টাকার অফার করেছিল জামসেদপুরকে।
তবে গোয়া তার থেকেও বড় অফার করেছে অমরজিতকে। এছাড়াও অনিরুদ্ধ থাপা এবং অনিকেত যাদবকে নিতে আগ্রহী এসসি ইস্টবেঙ্গল। তবে চেন্নাইন এফসির সাথে ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে অনিরুদ্ধ থাপার। এই মুহুর্তে ১.৭ কোটি টাকা ট্রান্সফার ফি রয়েছে থাপার। লাল-হলুদ শিবির তা দিতেও তৈরি।






