একমাত্র লক্ষ্মীরতন শুক্লই যে বিজেপিতে যোগদান করেননি। এছাড়া হাওড়া এখন কার্যত বিজেপিরই দখলে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী ছাড়াও আরও অনেকে গতকাল অর্থাৎ শনিবার বিজেপিতে যোগদান করেছেন।
আর তারপরই আজ ডুমুরজলা স্টেডিয়ামে হতে চলেছে মেগা যোগদান মেলা। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্ যেহেতু আসতে পারেননি তাই আজকে এই সভার মূল বক্তা নব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অন্যান্য নেতাদের বক্তব্য রাখার কথাও রয়েছে। রবিবাসরীয় সভার মূল আকর্ষণ হতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সশরীরে উপস্থিত না থাকলেও আজ অমিত শাহ থাকবেন বাংলাতেই। তাই বিশাল এলইডি পর্দা লাগানো হয়েছে মঞ্চে। সেখানেই ভেসে উঠবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ। ভার্চুয়ালি সভায় উপস্থিত সমর্থকদের উজ্জীবিত করতে বক্তব্য রাখবেন তিনি।
ডুমুরজলার সভা ঘিরে রবিবারের সকাল থেকেই সেজে উঠেছে হাওড়া চত্বর। স্টেডিয়াম-সহ গোটা হাওড়া ছেয়ে গিয়েছে গেরুয়া পতাকায়। স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। জেলা বিজেপি নেতৃত্বের তরফে জানা গিয়েছে, এ দিন ডুমুরজলা স্টেডিয়ামের মঞ্চে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা হাওড়ার যুব তৃনমূলের জেলা সভাপতি অরূপ রায় ঘনিষ্ঠ অনুপম ঘোষ, হাওড়া পুরসভার মেয়র পারিষদ বানী সিংহরায়। অরূপ রায়ের প্রাক্তন আপ্ত সহায়কেরও বিজেপি যোগের সম্ভাবনা। এ ছাড়াও হাওড়া পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলরের যোগদানের সম্ভাবনা রয়েছে। রুদ্রনীলের পরে বেশ কয়েকজন চলচ্চিত্র জগতের পরিচিত মুখের বিজেপিতে যোগ দেওয়ার কথাও রয়েছে আজই।
প্রসঙ্গত উল্লেখ্য, অমিত শাহ্’র কলকাতার সভায় যোগদানের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয় তাঁর বঙ্গ সফর। তারপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুরোধে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যান সদ্য তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ পাঁচ নেতা। সন্ধ্যায় অমিত শাহের বাসভবনে বিজেপিতে যোগদান করেন তাঁরা। চার্টার্ড বিমানে জায়গা না হওয়ায় অন্য বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপর রাতেই ‘চার্জড আপ’ কলকাতা ফিরে আসেন সকলে।





