জল্পনা সত্যি! ফের ভাঙন তৃণমূলে, দল ছাড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক, যোগ দেওয়ার সম্ভাবনা গেরুয়া শিবিরে

কথা অনুযায়ীই কাজ করলেন তিনি। আগেই জানিয়েছিলেন, রাজনৈতিক কেরিয়ার নিয়ে যাবতীয় সিদ্ধান্তের কথা তিনি ১লা ফেব্রুয়ারি ঘোষণা করবেন। সেই অনুযায়ী কাজ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। আজই তিনি ঘোষণা করলেন যে তিনি দল ছাড়ছেন। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর কাছে স্পিড পোস্টের মাধ্যমে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন দীপকবাবু।

এদিন ইস্তফাপত্র পাঠানোর পর তিনি সাংবাদিকদের জানান যে তিনি দল ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না। বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও জিইয়ে রাখলেন তিনি। তাঁর অভিযোগ, গত সাড়ে চার বছরে তাঁর উপর অত্যাচার করা হয়েছে। দলের বুথের নেতা-কর্মীরা তাঁকে অপমান করেছেন। এই সাড়ে চার বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচী ছাড়া তাঁকে অন্য কোনও প্রশাসনিক বৈঠকে ও কর্মসূচীতে ডাকা হয়নি বলে অভিযোগ। আর ডাকা হলেও মঞ্চে তাঁর নাম ঘোষণা করা হয়নি। দলের নেতৃত্বকে একথা জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ দীপক হালদারের।

কানাঘুষো শোনা যাচ্ছে, মঙ্গলবার বারুইপুরে বিজেপির যোগদান মেলাতে বিজেপিতে যোগ দিতে পারেন দীপক হালদার। তবে এ বিষয়ে তিনি নিজে স্পষ্ট করে কিছু বলেননি। তাঁর মতে, মানুষের জন্য কাজ করতে হলে কোনও একটি রাজনৈতিক দলে থেকেই করা উচিত।

উল্লেখ্য, এ বছরের গোড়ার দিকেই দীপক হালদার কলকাতায় এসে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে দেখা করেন। সেইসময় থেকেই জল্পনা তৈরি হয় তিনি হয়ত তৃণমূল ছেড়ে এবার গেরুয়া শিবিরে আসবেন। তবে তখন তিনি বলেন নেহাতই ‘ব্যক্তিগত স্বার্থেই’ তিনি শোভনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও তাঁকে দেখা যায় না। এরপরই জল্পনা ক্রমশ দৃঢ় হতে থাকে। গত ২২শে জানুয়ারি তিনি বলেন যে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা তিনি ১লা ফেব্রুয়ারি জানাবেন। সেই অনুযায়ীই আজ দল থেকে নিজের ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন দীপক হালদার।

RELATED Articles