ভারতে কবে ফিরছে মহিলাদের ক্রিকেট? শীঘ্রই সফরে আসতে পারে দ: আফ্রিকা দল

ভারতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে আগামী ৫ ফেব্রুয়ারি। কোভিড -১৯ মহামারী কাটিয়ে এটি ভারতে প্রথম সিরিজ আয়োজিত হচ্ছে। ইংল্যান্ড দল এখন ভারত সফরে রয়েছে, দুটি দলের মধ্যে চারটি টেস্ট, পাঁচটি টি- ২০ আন্তর্জাতিক এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ হবে। এদিকে মহিলা ক্রিকেটও শীঘ্রই ভারতে ফিরতে চলেছে। দক্ষিণ আফ্রিকার মহিলা দল আগামী মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে আসতে পারে। বিসিসিআই শীঘ্রই এই সফরের বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি- ২০ ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল এবং দক্ষিণ আফ্রিকা দলের মধ্যে। তবে সফরের তারিখ এবং স্থান নিয়ে এখনও আলোচনায় চলছে। গত বছরের টি- ২০ বিশ্বকাপের পর এটি ভারতীয় মহিলা দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে। করোনার কারণে কোয়ারান্টাইন সময়সীমা থাকায় এক মাসের বেশি সময় ধরে এই সফর চলতে পারে। বায়ো সিকিউর বাবলের বিবেচনায়, বিসিসিআই কম স্থানে ম্যাচ আয়োজনের কথা বিবেচনা করছে। সমস্ত ম্যাচ একই শহরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে যে, সিরিজ নিয়ে আলোচনা চলছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বোর্ডের সাথে আলোচনায় রয়েছে বিসিসিআই এবং শীঘ্রই সিরিজের তারিখ ঘোষণা করা হবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অবশ্য সিরিজের বিষে এখনও কিছু নিশ্চিত করেনি। দক্ষিণ আফ্রিকার দল বর্তমানে পাকিস্তানের সাথে ঘরের মাঠে একটি সিরিজ খেলছে যা শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি। এদিকে, বিসিসিআই শীঘ্রই মহিলা দলের সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশ করতে পারে। ডব্লিউ.ভি রমন বর্তমানে দলের প্রধান কোচ এবং নরেন্দ্র হিরওয়ানি দলের বোলিং কোচ।

RELATED Articles