মার্চ মাসেই ব্রিগেড সমাবেশ করবে রাজ্যের বিজেপি সংগঠন। এই ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। মার্চের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময়েই হতে পারে ব্রিগেড সমাবেশ। এই নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে রাজ্য বিজেপি।
রাজ্য বিজেপির সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এই ব্রিগেড সমাবেশের মাধ্যমে পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘটানোর কথা ভাবছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই সমাবেশেই হাজির থাকতে পারেন নরেন্দ্র মোদী। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে দিল্লিতে প্রস্তাব পাঠানো হয়েছে। অপেক্ষা চলছে কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী দফতরের অনুমোদন পাওয়ার। অনুমোদন মিললেই মার্চে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে।
সামনেই বিধানসভা নির্বাচন। এই অবস্থায় বাংলায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছে বিজেপি। প্রত্যেক মাসেই কেন্দ্রের নেতারা রাজ্য সফরে আসছেন। রাজ্যের নানান প্রান্তে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে একগুচ্ছ কর্মসূচী। তৃণমূলত্যাগী নানান বিজেপি নেতা যেমন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, দীপক হালদারের মতো প্রভাবশালী নেতারা নানা জায়গায় জনসভা ও কর্মসূচী করছেন। বিধানসভা নির্বাচনে জিততে বেশ কোমর বেঁধেই মাঠে নেমেছে বিজেপি।
প্রসঙ্গত, গত ২৩শে জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এরপর আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় ১১০০ কোটির এলপিজি টার্মিনাল উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এদিন হলদিয়ায় বেশ কিছু কর্মসূচীও থাকছে প্রধানমন্ত্রীর।






