ফয়সল আরেফিন দীপন হত্যামামলার রায় প্রদান! অভিযুক্ত ৮ হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ আদালত

ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিল ৮ হত্যাকারী। এদের মধ্যে দু’জন পলাতক হলেও বাকী ছ’জন ছিল পুলিশের হেফাজতে। আজ বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মহম্মদ মজিবুর রহমান তাদের মামলার রায় ঘোষণা করেন। রায়ে তাদের সকলের মৃত্যুদণ্ড ঘোষণা করল বাংলাদেশ আদলত। এর পাশাপাশি, প্রত্যেকের ৫০০০০ টাকা করে জরিমানাও ঘোষণা করা হয়েছে। অভিযুক্তরা সকলেই জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল। অবশেষে আজ, এই মামলার রায় ঘোষণা হল। সাজাপ্রাপ্ত এই আটজন হল আবদুস সবুর ওরফে আবদুস সামাদ, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ, মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির, শেখ আবদুল্লা ওরফে জুবায়ের, খাইরুল ইসলাম ওরফে জামিল রিফাত, সৈয়দ জিয়াউল হক, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন, ও আকরাম হোসেন ওরফে হাসিব। এদের মধ্যে জিয়াউল ও আকরাম পলাতক। বাকী ছ’জনকে আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ আদালতের এজলাসে তোলা হয়। এই সময় প্রত্যেকের গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট। রায় ঘোষণার জন্য আদালত চত্বরে কড়া নিরাপত্তা নেওয়া হয়।

প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর আগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয়। ২০১৫ সালের ৩১শে অক্টোবর তারিখে তাঁর নিজের অফিসে তাঁকে কুপিয়ে খুন করে জেহাদি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিলেন দীপনের প্রকাশনী। এরপর থেকেই মৌলবাদীদের নিশানায় ছিলেন দীপন। সেই বছর ফেব্রুয়ারিতে লেখক অভিজিৎকে কুপিয়ে খুন করে উগ্রপন্থীরা। এরপর ব্লগার নীলাদ্রি নিলয়, অনন্ত বিজয় দাসকেও এই একই কায়দায় সন্ত্রাসবাদীরা কুপিয়ে খুন করে।

আরও অন্যান্য খবর