এবার ফের আরও একটি ক্যান্টিনের সূচনা করলেন ক্রিকেট থেকে রাজনীতির আঙিনায় আসা দিল্লির বিজেপি সাংসদ। সেইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, এটি একটি ক্যান্টিন মাত্র নয়, একটা আন্দোলন। ক্ষুধার্তদের পেট ভরানোর আন্দোলন।
বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত গম্ভীর এদিনও বলেন, “আমি ধর্নায় বসতে বা কোনও নাটুকেপনায় অংশ নিতে রাজনীতিতে আসিনি। আমার লক্ষ্য সত্যিকারের পরিবর্তন আনা। আর সেটা আমি করতে শুরু করেছি।”
তিনি সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে চান বলে দাবি করেন গম্ভীর। মনে করিয়ে দেন খাদ্য মানুষের প্রাথমিক চাহিদা। অথচ বহু মানুষ সেটাই পান না। সেই কারণেই এক টাকার ‘টোকেন’ অর্থের বিনিময়ে এহেন ক্যান্টিনের পরিকল্পনা। একসঙ্গে ৫০ জন এখানে বসে খেতে পারবেন।
পূর্ব দিল্লির নিউ অশোকনগরের এই অভিনব সস্তা ক্যান্টিনটির উদ্বোধন হয়েছে। এর আগে গত ডিসেম্বরে গান্ধীনগর মার্কেটে এমনই আরও একটি ক্যান্টিন খোলা হয়েছিল। এখনও পর্যন্ত সেখানে ৫০ হাজার মানুষ ভরপেট খাবার পেয়েছেন বলে গম্ভীরের অফিসের সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার ‘জন রসুই’য়ের সূচনা করতে গৌতম গম্ভীরের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা ও দলের দিল্লি শাখার সভাপতি আদেশ গুপ্তা। এদিন সকলের সঙ্গে খাবার চেখে দেখেন গম্ভীরও।






