আজ অর্থাৎ শনিবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো মহিষাদল। নন্দীগ্রামের বাসিন্দাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রায় ১০০টি আবেদনপত্র উদ্ধার হলো রাস্তার পাশে নর্দমা থেকে। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সিনেমা মোড়ের কাছে আবেদনপত্রগুলি দেখতে পান স্থানীয়রা।এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে দাবি করে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী নামক প্রকল্পটি সম্পূর্ণ ভাবেই ভোটের কথা মাথায় রেখে। নর্দমা থেকে তার আবেদনপত্র উদ্ধারে আরেকবার তা প্রমাণিত হল। সরকার মানুষকে বোকা বানাতে বিনামূল্যে স্বাস্থ্যবিমা দেওয়ার নাটক করছে। এই প্রকল্পের মেয়াদ ভোট পর্যন্ত।
অন্যদিকে রাজ্যের শাসক দলের তরফে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বলা হয়েছে, পুরোটাই চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে ছোট করতে এই চক্রান্ত করেছে বিজেপি।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন, শনিবার সিনেমা মোড়ের কাছে নয়ানজুলিতে স্বাস্থ্যসাথীর আবেদনপত্র চোখে পড়ে স্থানীয়দের। ভাল করে দেখে বোঝা যায় সেগুলি নন্দীগ্রাম ও রামনগর এলাকার বাসিন্দাদের। খবর দেওয়া হয় প্রশাসনকে। কী করে স্বাস্থ্যসাথীর আবেদনপত্র সেখানে এলো তা খতিয়ে দেখছে প্রশাসন।






