WB Election 2021: তৃতীয় দফা ভোটের আগেই চাপের মুখে মমতা, তিন জেলার পুলিশ কর্তাদের অপসারিত করল কমিশন

আগামী ৬ই এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট। এর ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামী ৬ তারিখ দক্ষিণ ২৪ পরগণায় ভোটগ্রহণ রয়েছে। এর আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে বদল আনল কমিশন। সরানো হল আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ড হারবারের (শিল্পাঞ্চল) ডেপুটি পুলিশ কমিশনার মিঠুন দে ও চন্দননগরের ডেপুটি পুলিশ কমিশনার তথাগত বসুকে।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের (শিল্পাঞ্চল) ডেপুটি পুলিশ কমিশনার মিঠুন দের জায়গায় নতুন ডেপুটি পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয়েছে শ্যামল কুমার মণ্ডলকে। চন্দননগর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হল অভিষেক মোদীকে। এদিকে, আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে সরিয়ে সেই পদে বসানো হয়েছে অমিত কুমার সিং-কে।

আরও পড়ুন- হুইলচেয়ারে মমতা, র‍্যালির মধ্যেই ঢুকে গেল পাগলা ষাঁড়, হুলস্থূল কাণ্ড হাওড়ায় 

শুধু বদলিই নয়, কমিশনের তরফে এও নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই তিন পুলিশ কর্তাকে নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত না করা হয়। বলে রাখি, তৃতীয় দফাতে ভোট রয়েছে ডায়মন্ড হারবারে। এদিকে আলিপুরদুয়ার ও চন্দননগরে ভোট হবে চতুর্থ দফায়।

ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনারই শুধু নয়, বদলি করা হয়েছে ফলতা থানার আই সি-কেও। এই পদে ছিলেন অভিজিৎ হাইত। সেই জায়গায় এখন নিয়োগ করা হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর অতনু ঘোষালকে। সরানো হয়েছে আলিপুরদুয়ারের এসপিকে। সেখানে ভোট রয়েছে আগামী ১০ই এপ্রিল।

আরও পড়ুন- ‘ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’, কৌশানির ভিডিও ঘিরে বিতর্ক

সব মিলিয়ে তৃতীয় দফা নির্বাচনের আগে পুলিশ মহলে বড়সড় এই রদবদল নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর আগে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরানো হয় সুরজিৎ কর পুরকায়স্থকে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও এডিজি জাভেদ শামিমকেও অপসারিত করে নির্বাচন কমিশন।

আরও অন্যান্য খবর