আজকেই শেষ হয়ে যাবে বাংলার ভাগ্য পরীক্ষা। রেজাল্ট বেরোবে ২রা মে। কে পাশ করল, কে ফের, লেটার মার্কস কারা পেল সবই জানা যাবে ওই দিন।
কিন্তু এই অষ্টম দফা নির্বাচনের মধ্যেই এবার শুরু হয়েছে নতুন জল্পনা। রবিবাসরীয় ভাগ্য নির্ধারণের আগের দিন শনিবার বেলা ১২টায় বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে এই বৈঠক হবে ভার্চুয়ালি। দলের পক্ষ থেকে সমস্ত প্রার্থী ও তাঁদের এজেন্ট দের এই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে থাকবেন সুব্রত বক্সি, দোলা সেনের মতো তৃণমূলের মাথারাও।
কিন্তু হঠাৎ কেনও এই বৈঠক? নির্বাচনের আগের দিন কেনই বা ডাকলেন এজেন্টসহ প্রার্থীদের? আর এই বৈঠক নিয়েই এখন উত্তাল বঙ্গ রাজনীতি।
আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবার কালীঘাটেই নিজের বাড়িতে সবার সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি যোগ দেবেন দলের প্রার্থী ও গণনাকেন্দ্রের এজেন্টরা।
আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!
জানা গেছে হাই ভোল্টেজ গণনার আগের দিন প্রার্থী ও এজেন্টদের কিছু নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। যাতে ভোট লুঠ করতে না পারে বিজেপি, কোনও গণ্ডগোল করতে না পারে তার জন্যই এই বৈঠক। এমনকী কারা কারা গণনাকেন্দ্রে যাবেন সেটাও ঠিক করে দিতে পারেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা আবহেই শুরু হয়েছিল বিধানসভা নির্বাচন। কিন্তু চলতি মাস থেকে তা বিপদ সীমা পার করে গেছে।ইতিমধ্যেই ভোট-গণনা নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে কমিশন। সেখানে করোনা প্রতিষেধকের দুটো ডোজ নেওয়া শংসাপত্র অথবা ভোট গণনার দিনের ৪৮ ঘণ্টা আগের বৈধ কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রার্থী বা তাঁর এজেন্টকে ঢুকতে দেওয়া হবে গণনাকেন্দ্রে। নির্বাচন কমিশনের এই নয়া নির্দেশিকা অনুযায়ী, কোনও অবস্থাতেই গণনাকেন্দ্রের বাইরে ভিড় করা চলবে না। কোনও প্রার্থী গণনার জন্য যে এজেন্ট দেবেন তার তালিকা গণনার তিনদিন আগে অর্থাৎ ২৯ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে দিতে হবে। আর সেটাই শনিবারের বৈঠকে তৃণমূলের জন্য ঠিক করে দেবেন দল নেত্রী।





