ফের চিটফান্ড মামলায় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই। ফের বদল করা হল চিটফান্ড তদন্তে থাকা পুলিশ সুপারকে। আজ, বৃহস্পতিবার বদলি করে দেওয়া হল চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত সিবিআই এসপি শান্তনু করকে। এই নিয়ে সিবিআই দফতরে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, কলকাতা থেকে বেঙ্গালুরুতে বদলি করা হয়েছে শান্তনুকে।
কিন্তু হঠাৎ কেন এই বদলি?
সূত্রের খবর অনুযায়ী, অনেক চিটফান্ড তদন্তেই শান্তনু ঠিকঠাক গতি দিতে পারছিলেন না। তাঁর উপর একাধিক চাপ তৈরি হচ্ছিল। চিটফান্ডে জড়িতদের দ্রুতই গ্রেফতারের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়। কিন্তু সেসব রহস্যের জাল গোটাতে দেরি হচ্ছিল। এই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে জানা যাচ্ছে।
কলকাতার সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন শান্তনু কর। একাধিক চিটফান্ড তদন্তের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।এবার তাঁকে বদলি করা হয়ল বেঙ্গালুরুতে। তবে হঠাৎ এই বদলি নিয়ে বেশ চর্চা চলছে সিজিও কমপ্লেক্সে ।
শান্তনুর জায়গায় এক নতুন আইপিএস অফিসারকে আনা হয়েছে বলেও খবর। নয়াদিল্লি থেকে ওই অফিসারকে কলকাতায় পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আইকোর, প্রয়াগ, এমপিএস–এর মতো নানান চিটফান্ড মামলাগুলির তদন্ত দ্রুতই শেষ করতে চাইছে সিবিআই। এই কারণে এই রদবদলের সিদ্ধান্ত। সেই ২০১৪ সাল থেকে এই চিটফান্ড মামলাগুলির তদন্ত করছে সিবিআই। কিন্তু তদন্তে কোনও ফল আসছিল না, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে।






