তালিবানকে ‘বন্ধু’ ভেবে তাদের হয়ে রাষ্ট্রপুঞ্জে সালিশি করেছিল পাকিস্তান। আফগানিস্তানের সমস্ত সম্প্রদায়কে নিয়ে সার্বিক সরকার গঠনের পরামর্শ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তালিবানরা সেই পরামর্শ মেনে নেয়নি। তবে এবার তারা যা করল, তাতে আর ইমরানের মুখরক্ষা হল না।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংলগ্ন তোরখাম শহরে তালিবানদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিল পাক সরকার। কিন্তু সেই ত্রাণ নেওয়ার সময় ট্রাক থেকে পাকিস্তানের পতাকাই খুলে নিয়ে তা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল তালিবান সীমান্ত রক্ষীরা।
এমন খবরই ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বের সংবাদমাধ্যমে। আর এই ঘটনার ভিডিও-ও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের পাঠানো ত্রাণসামগ্রীর ট্রাক থেকে পাকিস্তানি পতাকা খুলে ছিঁড়ে ফেলা হল। একজনকে আবার বলতেও শোনা গেল যে পতাকাটা পুড়িয়ে ফেললেই হয়। শুধু তাই-ই নয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবিতে কালি মাখানো হল।
তবে পতাকা খুলে দিলেও ত্রাণসামগ্রী কিন্তু ফিরিয়ে দেয়নি তালিবান। প্রায় ১৭ ট্রাক ময়দা, চাল, ভোজ্য তেল চুপচাপ হাত পেতে নিয়েছে। তবে তবে এরপর আর যেচে সাহায্য করতে গিয়ে মুখ পোড়ায়নি পাকিস্তান। সোমবার থেকে যে ক’টি ত্রাণের ট্রাক গিয়েছে, তার কোনওটাতেই পাক-আফগান সহযোগিতা সংগঠন পতাকা লাগায়নি ।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেশ নড়েচড়ে বসেছে তালিবান কর্তারা। তারা জানিয়েছে যে অভিযুক্ত রক্ষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।






