‘আউটডোর থাকলেও ইউভান আমার সঙ্গেই থাকবে!’ ছোট্ট ইউভান মায়ের সঙ্গে যাবে বাইরে,সিনেমার শুটিংয়ে ফিরছেন শুভশ্রী গাঙ্গুলী! প্রথমবার নেগেটিভ চরিত্রে বনি সেনগুপ্ত!

টলিউডের নামকরা অভিনেত্রী তিনি। তবে ছেলের জন্মের কারণে ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। এবার পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরে ছবির শুটিংয়ে ফিরছেন শুভশ্রী গাঙ্গুলী। একটি মেডিক্যাল থ্রিলার ছবির দরুন ফের রুপোলি পর্দায় শুভশ্রীর যাদু চলবে।

ছবির নাম ‘ডক্টর বক্সী’। সপ্তাশ্ব বসুর ৪ নম্বর ছবি এটি। এই ছবি নিয়ে পরিচালক জানালেন, “চিকিৎসা ব্যবস্থার গাফিলতিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ‘প্রতিদ্বন্দী’ ছবি। সেই ছবির সাফল্য এই ছবির জন্য অনুপ্রেরণা। একশ্রেণীর চিকিৎসকরা এই পেশাকে শুধুমাত্র রোজগারের মাধ্যম হিসেবে দেখে থাকেন। ‘ডক্টর বক্সী’ এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।” এর আগে ‘জতুগৃহ’-এর মত ছবি করেছেন পরিচালক।

এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলীর চরিত্রটি গল্পের মূল সূত্রধর। অন্যদিকে চিকিৎসক বক্সীর চরিত্রের জন্য কথাবার্তা চলছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। গল্পে হেরিটেজ হোটেলে বেড়াতে গিয়ে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়ে শুভশ্রী। সেখানে উপস্থিত থাকে ডক্টর বক্সী। এবার খুনের ঘটনার সঙ্গে কোনো চিকিৎসা সংক্রান্ত অপরাধ জড়িত কি না! তা নিয়ে বাকী কাহিনী।

নিজের ছবি নিয়ে শুভশ্রী জানালেন, “এই ধরনের চরিত্রে দর্শক আমাকে দেখেননি এর আগে। ট্রাভেল ব্লগারের চরিত্র হলেও, অনেক শেড রয়েছে।” এরই সঙ্গে জানা গেল প্রথমবার ইউভানকে সঙ্গে নিয়ে শুটিং সারবেন নায়িকা। তাঁর কথায়, “আউটডোর থাকলেও ইউভান আমার সঙ্গেই থাকবে। ওকে ছাড়া থাকতে পারব না। শুটিংয়ের পরিবেশেই আমার ছেলে বড় হবে।”

ছবিতে নেগেটিভ চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত।এক জেল ফেরত আসামীর ভূমিকায় তাঁকে দেখা যাবে এই ছবিতে। নিজের চরিত্র নিয়ে বনি জানালেন, “একই ধরনের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এটি পেয়ে খুবই খুশি। প্রথমবার অ্যান্টিহিরো হতে পেরে খুবই ভালো লাগছে। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা করব, দর্শক আমাকে এই ধরনের চরিত্রে পছন্দ করবেন।” অন্যদিকে বনি শুভশ্রী ছাড়াও শাস্ত্রীয় নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে মাহি করকে। সমস্ত কিছু ঠিক থাকলে পুজোর পরেই শুরু হবে ছবির শুটিং।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles