নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি রোগীর পরিবারের লোকজনদের। এর ঘটনায় মাথা ফাটল রোগীর আত্মীয়ের। ২ জনকে আবার পাল্টা মারেন রোগীর পরিজনরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে বিশাল পুলিস। চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পিয়ালির বাসিন্দা হলেন বুবাই গায়েন। গত শনিবার ১০ দিনের শিশুকন্যাকে বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন তিনি। আজ, বুধবার সকালে তাঁর স্ত্রীর জন্য ডাবের জল নিয়ে যেতে চান ওই ব্যক্তি। কিন্তু তখনই এক নিরাপত্তারক্ষী তাঁকে বাধা দেন।
এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, হাসপাতালের সিঁড়ির কাছ থেকে মারতে মারতে রোগীর আত্মীয়কে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। দাবী, চার-পাঁচ জন নিরাপত্তারক্ষী মিলে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে। মারের চোটে বুবাই গায়েনের মাথা ফাটে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। অন্যান্য রোগীর পরিজনেরা বিক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের দু’জন কর্মীকে পাল্টা মারধর করেন তাঁরা। হাসপাতালের বিরুদ্ধে কারণে অকারণে রোগীর আত্মীয়দের থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন তাঁরা।
এমনকি, হাসপাতালের ঝাড়ুদার থেকে শুরু করে নিরাপত্তারক্ষী এমনকী আয়ারা জোর করে টাকা আদায় করেন বলে অভিযোগ করেন রোগীর পরিজনরা। এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। চারজনকে আটক করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নিরাপত্তা কর্মীরা।





