আজ, ২রা নভেম্বর, কিং খানের জন্মদিন। ৫৭-এ পা দিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় একরাশ শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্তরা। এসবের মধ্যেই তাঁর বড় একজন ভক্ত এই জন্মদিনের দিনই তাঁর সমালোচনা করলেন। এই সমালোচনার ভিড়ের মধ্যেই কোথায় যেন শাহরুখের প্রতি প্রগাঢ় ভালোবাসা উজাড় করে দিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
নিজের লেখার প্রথমেই তিনি শাহরুখ পুত্র আরিয়ানের কথা তোলেন। তাঁর কথায়, তিনি আরিয়ানকে নায়ক বলতে রাজি নন। রাহুল লেখেন, “ওর উচিৎ ছিল আপনার লড়াই কে মর্যাদা দেওয়ার|ওর উচিৎ ছিল মনে রাখার ও কার ছেলে|কিন্তু খুব যে ঘৃণা করব তারই বা উপায় কোথায়?নিজেও তো নেশা কম করিনি,এবং নেশা করেছি বলেই জানি যা রিক্রিয়েশন হিসেবে শুরু হয় তা ক্রমশ রোগ হয়ে ওঠে অজান্তে”।
এরপরই নিজের নানান কৃতিত্বের জন্য শাহরুখকেই দায়ী করেন তিনি। রাহুল লেখেন, “কিন্তু স্যার দোষ আপনার,আপনি দিল্লী থেকে এসে এতকিছু ক্যানো করলেন?আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় ক্যানো ঢোকালেন”তোমরাও পারো”….ক্যানো নিজের প্রত্যেকটা সাক্ষাৎকার এর মধ্যে দিয়ে আমার মধ্যে ঢোকালেন “knowledge is power”…আজ একটা বিজয়গড় এর ছেলে শুধু নিজের মেধা দিয়ে একটা জায়গা করে নিয়েছে,পরিশ্রম কে নিজের পাথেয় করেছে কাকে দেখে?এতো স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনো মানে হয়?আমরা থাকতাম নিচে,ফ্রন্ট রো তে,পোস্টার এর যোগ্য করে তুলেছেন শুধু আপনি”।
রাহুল এও বলেন যে সম্প্রতি শাহরুখের কিছু ছবি নিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। এ নিয়ে তাঁর বন্ধুরা তাঁকে নানান কথা শোনায়। কিন্তু তাও অভিনেতার কথায়, “প্রত্যেকবার প্রতিজ্ঞা করি আর দেখবো না,প্রত্যেকবার শুটিং কামাই করে 1st day 1st show যেতেই হয়…কি করবো?প্রত্যেকবার একঘেয়ে গালের টোল দেখে মনে হয় এবার নতুন কিছু হবে”।
রাহুলের কথায়, “আসলে একটা সময় আমরা ভারতবর্ষ বলতে আপনি বুঝতাম,তারপর ভারতবর্ষ বদলে গেলো। সেই বদলে যাওয়া ভারতবর্ষ যেখানে কলকাতায় প্রবলভাবে গনেশ পুজো হয় তার সাথে আপনি তাল মেলাতে পারলেন না আপনি পিছিয়ে গেলেন। আপনার সাথে সাথে আমরাও…তবু বলবো যা দিয়েছেন অনেক…আপনি একটা বেঁটেখাটো বিজয়গড় কলোনির ছেলের স্বপ্নে এসে বলেছেন, yes you are best”।
এই কারণে রাহুলের কাছে আজও শাহরুখ মানে কাভি হা কাভি না এর সুনীল। যে কি না হাজার স্বপ্নভঙ্গের পরও যে অন্যের ভার বয়ে নিয়ে যায়, আর পাঁচটা সাধারণ ছেলেদের স্বপ্নের ভার।






