নারদকাণ্ড নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানানোর জের। দল থেকে বহিষ্কৃত হলেন বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা।
সুরজিৎ সাহার উদ্দেশে লেখা চিঠিতে বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আদেশানুসারে অবিলম্বে বহিষ্কার করা হল”।
ধীরে ধীরে নানান বিজেপি নেতা ফের তৃণমূলে ফিরে যাচ্ছেন। এই নিয়ে বিরোধী দলনেতাকে তোপ দাগেন হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা। তাঁর কথায়, “দু’দিন আগে যাঁরা তৃণমূল থেকে এসেছেন তাঁদের চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান করা হচ্ছে। চেয়ারম্যান নিজে বলছেন আমার কাছে সময় নেই। যে নামটা আসছেন সেটাও তৃণমূল থেকে আসছে। শুভেন্দুবাবু সেই নাম প্রস্তাব করছেন। বিজেপিতে কারা কাজ করেন তাঁদের নাম জানেন না। উনি তৃণমূল যারা করেন তাঁদের নাম জানেন। ভারতীয় জনতা পার্টির তৃণমূলীকরণ মানব না”
নারদা-প্রসঙ্গ টেনেও শুভেন্দুকে আক্রমণ করেন সুরজিৎ। বলেন, “অরূপ রায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনও নেতার দহরম-মহরম থাকলে প্রমাণ করুন। ৬ মাস আগে এসে ২৮-৪০ বছর বিজেপি করা লোককে সার্টিফিকেট দেবেন নাকি! নারদায় ওঁকে টাকা নিতে দেখা গিয়েছে উনি সৎ কিনা? সেই প্রশ্নটা জনসাধারণ ও বিজেপি কার্যকর্তারা করছেন”।






