মা নাকি বাবা, কাকে বেশি ভালোবাসে ঈশান? স্বামী-ছেলেকে নিয়ে খোলাখুলি কথা বললেন নুসরত

আড়াই মাস হল তিনি মা হয়েছেন। এখন নুসরতের গোটা দুনিয়া জুড়ে শুধুমাত্র তাঁর ছেলে ঈশান। সেই-ই তাঁর মন খারাপের ওষুধ। কাজের সময়টুকু বাদে নুসরতের বাদবাকি সময় এখন শুধুমাত্র ঈশানের জন্য। তাঁকে কাছছাড়া করতে নারাজ সদ্য মা হওয়া অভিনেত্রী।

শীঘ্রই নুসরতকে দেখা যাবে ইউটিউবে একটি রেডিও চ্যানেলের টক শো-য়ের সঞ্চালিকা হিসেবে। নাম, ইশক উইথ নুসরত। গতকাল, বৃহস্পতিবার সেই টক শো-য়ের আনুষ্ঠানিক ঘোষণা ছিল কলকাতার একটি নামী রেস্তোরাঁতে। সেখানেই নিজের নতুন জার্নি, যশ, ঈশানকে নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

নুসরতের এই টক শো-য়ে অতিথি হয়ে আসবেন মদন মিত্র, যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তীরা। টিনএজ প্রেম নিয়ে পরামর্শ দিতে শোনা যাবে মদন মিত্রকে। নুসরতের কথায়, “প্রেম নিয়ে প্রত্যেকেই রীতিমতো আগলহীন আলোচনা করবেন এক একটি পর্বে। প্রত্যেকের অকৃত্রিম আবেগ, অনুভূতি প্রকাশ পাবে”।

প্রেম-বিতর্ক নিয়ে অভিনেত্রী সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। তবে এদিনের এই অনুষ্ঠানে বেশব খোলাখুলিভাবেই নুসরত বলেন, “আমার মনে হত, আমারই শুধু প্রেমে সমস্যা। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্যা সকলেরই হয়। আর তাই নিয়েই কথা বলব”। অভিনেত্রীর দাবী, প্রেম নিয়ে সপাটে মুখে খুলেছেন বলেই তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে। তবে শুধুমাত্র ভালবাসা নয়, এদিন বিচ্ছেদ নিয়েও মুখ খুলেছেন নুসরত। তাঁর কথায়, “এই প্রেম জিনিসটা খুব কঠিন। সম্পর্ক ভাঙলে মন ভাঙবেই। কিন্তু নিজেকে নতুন করে সুযোগ দিন”।

ভালোবাসা মানে কিন্তু সন্তানদের প্রতি মা-বাবার অনুভূতিও, এদিন সেকথাও মনে করিয়ে দেন নুসরত। আর ঈশানের প্রসঙ্গ উঠতেই হেসে খুন নুসরত। মা-বাবার মধ্যে কাকে বেশি ভালবাসে ছোট্ট ঈশান? মায়ের উত্তর, “আগে জানতাম ছেলেরা মা-ঘেঁষা আর মেয়েরা বাবা-ঘেঁষা হয়। এখন মনে হচ্ছে, যুগ পাল্টেছে। তার প্রমাণ আমার ছেলে”। তাঁর কথায়, “আড়াই মাসের পুচকের যে এত বায়নাক্কা থাকতে পারে, তা ওকে না দেখলে বোঝা মুশকিল”।

কবে প্রকাশ্যে আসবে ঈশানের ছবি? ঈশানকে কবে দেখতে পাবেন তাঁর অনুরাগীরা? নুসরতের জবাব, “ঈশানের বাবা তো ওর ছবি দিয়েই দিয়েছে। বাকিটা কবে হবে, অত ভাবিনি। দেখা যাক”।

আরও অন্যান্য খবর