কোনওভাবেই যেন সন্তুষ্ট হতে পারে না চীন। গত একবছরে ভুটানের জমি দখল করে চারটি গ্রাম বানিয়ে ফেলেছে তারা। উপগ্রহ থেকে তোলা ছবির মাধ্যমে সম্প্রতি এমনটাই লক্ষ্য করা গিয়েছে।
উপগ্রহের তোলা ছবিতে দেখা যাচ্ছে গত বছরের মে মাস থেকে নভেম্বর ২০২১ সালের মধ্যে ভুটানের ভূখণ্ডে চারটি গ্রাম বানিয়েছে চীন। প্রায় ১০০ বর্গমাইলের ওই এলাকা স্পর্শকাতর ডোকলামের পাশেই। ২০১৭ সালে ডোকলামে রাস্তা তৈরির ঘটনা নিয়ে ভারত ও চীনের বিবাদ শুরু হয়েছিল। ডোকলাম মালভূমি ভুটানের অন্তর্গত কিন্তু তা সত্ত্বেও সেই এলাকাকে নিজেদের বলে দাবী করে বেজিং। তবে ভারতের কড়া মনোভাবের কারণে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসে চীন।
এদিকে গত বছর লাদাখে ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষের পর সিকিম সীমান্তেও চীনা ফৌজ তৎপরতা বাড়িয়েছে বলে জানা যায়। নেপাল সীমান্তেও মোতায়েন করা রয়েছে প্রচুর চীনা সেনা। আর এবার ভুটানে গ্রাম বানানোর অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে।
Disputed land between #Bhutan & #China near Doklam shows construction activity between 2020-21, multiple new villages spread through an area roughly 100 km² now dot the landscape, is this part of a new agreement or enforcement of #China‘s territorial claims ? pic.twitter.com/9m1n5zCAt4
— d-atis☠️ (@detresfa_) November 17, 2021
বিশেষজ্ঞদের মতে, ভুটানকে ভারতের প্রভাব থেকে মুক্ত করার জন্য এমন করছে চীন। ঋণের পসরা সাজিয়ে ও সীমান্ত বিবাদ উস্কে দিয়ে ভুটানকে নিজেদের দিকে টানার চেষ্টা চালাচ্ছে লাল ফৌজের দেশ। তবে এই ষড়যন্ত্র ঠেকাতে মাঠে নেমেছে নয়া দিল্লিও।
বলে রাখি, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র ভুটানই এখনও চীনের ‘বেল্ট এণ্ড রোড’ প্রকল্পে যোগ দেয়নি। বিগত কয়েক বছর ধরেই চীনের চাপ অগ্রাহ্য করেই ভারতের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছে ভুটান। সে দেশের রাজ পরিবারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ভীষণ ভালো, এমনটাই শোনা যায়। এই কারণেই ভুটানে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে চীন।





