গতকাল, শনিবার সকাল থেকেই কাশ্মীরে শুরু হয়েছে প্রবল তুষারপাত। পুরু বরফের চাদরে ঢেকেছে গোটা রাস্তা। তুষারপাতের সঙ্গেই চলছে প্রবল বৃষ্টিও। জম্মু-শ্রীনগর হাইওয়েতে যান চলাচল বন্ধ। সম্প্রতি হালকা তুষারপাতের কারণে দুর্বল দৃশ্যমানতার জন্য শ্রীনগর বিমানবন্দর থেকে আটটি বিমান বাতিল করা হয়েছে বলে খবর মিলেছে।
ব্যপক তুষারপাত ও চরম আবহাওয়ায় আপাতত বিধ্বস্ত ভূস্বর্গ। লাদাখের বাসিন্দাদের সুরক্ষার ব্যাপারে ও নিরাপত্তার কারণে শ্রীনগর-লেহ হাইওয়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লাদাখ প্রশাসন। কাশ্মীরের অনেক জায়গায় ভারী তুষারপাত হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল থেকে শ্রীনগরে তুষারপাত তীব্র হয়েছে, যার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। তুষারপাত এত বেশি যে চারিদিকে বরফের পুরু আস্তরণ জমে গেছে। ক্রমাগত তুষারপাত এবং চরম আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মনে করা হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই এমন একটি ভিডিও ভাইরাল হল যা দেখে আপ্লুত ও গর্বিত দেশবাসী। পাবলিক রিলেশন অফিসার উধামপুরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যা দেখে রীতিমতো গায়ে কাঁটা দেবে। যারা দেশকে সুরক্ষিত রাখতে দিনরাত লড়ে চলেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আরও বাড়বে এই ভিডিওর জেরে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ভারতীয় জওয়ান বন্দুক হাতে এক হাঁটু বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওতে স্পষ্ট যে প্রবল তুষারপাত হচ্ছে, চলছে প্রবল হাওয়াও। কিন্তু কোনও কিছুই সেই জওয়ানকে টলাতে পারছে না তাঁর কর্তব্য থেকে। দৃঢ়ভাবে তিনি প্রবল ঠাণ্ডা ও তুষারপাতকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন নিজের দায়িত্ব পালনের জন্য। তুষারপাতের মধ্যেই ১৭,০০০ ফুট উচ্চতায় সেই জওয়ান বর্ডারে দাঁড়িয়ে আপামর দেশবাসীর রক্ষার স্বার্থে।
এই ভিডিও শেয়ার হওয়ার পরই তুমুল ভাইরাল হয়েছে। সকলেই জওয়ানের এই দায়িত্ববোধকে কুর্ণিশ জানিয়েছেন। জওয়ানের ধৈর্য, শক্তি ও নিজের দায়িত্বের প্রতি তাঁর দৃঢ়তা মুগ্ধ করেছে গোটা দেশবাসীকে। অনেকেই এই ভিডিও রিটুইট করে আরও বেশি ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।





